নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, সহকারীর মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রাকটির চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল সোমবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোল বাইপাস সড়কের রাথুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন নাটোর সদর এলাকার মৃত গোলাম নবীর ছেলে সৈয়দ আলী (২৫)।
থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে কালীগঞ্জের উলুখোল বাইপাস সড়কের রাথুরা এলাকায় তেলের ড্রামভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চালক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ট্রাকটিকে একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। কিন্তু ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালকের সহকারীর মৃত্যু হয়।
কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মাওলা বলেন, এ ঘটনায় চালকসহ চারজন পথচারী আহত হন। তাঁদের ঢাকার বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে (ক্লিনিক) নিয়ে যাওয়া হয়েছে।