নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বাজারে আহত ১০
নগরের কোতোয়ালি থানার ফিশারিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পাইকারি মাছ বাজারে ঢুকে পড়লে ১০ জন আহত হয়। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন: রিনা আক্তার (৩০), প্রবীর দাশ (৪২), সুমন দাশ (৪০), মো. আইয়ুব (৩০), রুহী দাশ (৪০), অনিমা দাশ (৩০), সুবল দাশ (৬৫), দেলোয়ার (৩০), মো. আজিজ (৫৫) ও রুনা আক্তার (৫)। আহত ব্যক্তিদের বেশির ভাগ ফিশারিঘাট এলাকার পাইকারি মাছ বাজারের ক্রেতা-বিক্রেতা বলে পুলিশ জানায়। ট্রাক ও এর চালক অলি আহমদকে আটক করেছে পুলিশ। নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুপ্তা দত্ত বলেন, সকাল পৌনে নয়টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইকারি মাছ বাজারে ঢুকে পড়ে। এ সময় বাজারের ক্রেতা-বিক্রেতাসহ মোট ১০ জন আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির হাবিলদার অসীম বড়ুয়া বলেন, সকাল সাড়ে নয়টার দিকে আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।