নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে, নিহত ১
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়া এলাকায় আজ শনিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর দোকানে ঢুকে পড়ে। এতে সিজু মিয়া (৩৪) নামের একজন নিহত হয়েছেন। ঘটনায় দোকান মালিকসহ তিনজন আহত হন। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে প্রায় একই সময়ে ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
ফুলছড়ি থানার পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে মহেন্দ্র নামের একটি ট্রাক্টর গাইবান্ধা থেকে বালাসি যাচ্ছিল। ট্রাক্টরটি মদনের পাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাইবান্ধা-বালাসি সড়কসংলগ্ন একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকান মালিক ইউনুস আলীসহ দোকানের সামনে বসে থাকা শরিফুল ইসলাম, মজনু মিয়া ও রিকশাচালক সিজু মিয়া গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে সিজু মিয়া মারা যান। আহত তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রথম আলোকে বলেন, ঘটনার পর ট্রাক্টরের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে ঝিনাইদহের হাটগোপালপুর এলাকায় আজ দুপুরে মাইক্রোবাসের ধাক্কায় অসিত বিশ্বাস (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। তাঁর বাড়ি ঝিনাইদহের গোবিন্দপুরে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক নিমাই দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।