নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক, নিহত ১
দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই শফিউদ্দীন আহমেদ (২৭) নামে এক ব্যক্তি নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে আলোকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউদ্দীন দৌলাতদিয়া দক্ষিণপাড়ার মৃত দিদার আলীর ছেলে। তিনি অন্য একটি ট্রাকে সহকারী হিসেবে কাজ করতেন। আহত ব্যক্তিরা হলেন আল আমিন হোসেন (৩০) ও বেল্টু রহমান (২৫)। এই দুজনও অপর একটি গাড়ির চালক ও সহকারী হিসেবে কাজ করতেন। ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় রেখেছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকার নাজমুল হকের চায়ের দোকানে শফিউদ্দীনসহ বেশ কয়েকজন লোক বসে ছিলেন। বেলা দুইটার দিকে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-২৫০৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে নাজমুলের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান শফিউদ্দীন। এ সময় আল আমিন হোসেন ও বেল্টু রহমান আহত হন। আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কলিমুল্লাহ জানান, শফিউদ্দীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক চালক ও সহকারীকে ধরতে পুলিশ মাঠে নেমেছে।