নিয়ন্ত্রণ হারিয়ে নৌকায় উঠল ট্রাক, নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় আজ রোববার সন্ধ্যায় একটি ইট বোঝাই ট্রাক ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খেয়া নৌকার ওপরে উঠে যায়। এতে অন্তত ১০০ যাত্রী নিয়ে নদীতে ডুবে যায় নৌকাটি। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই শিশুসহ নৌকার তিন যাত্রী নিখোঁজ রয়েছেন।

ঘটনায় আহত হয়েছেন নৌকার অন্তত ১৫ যাত্রী। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলাপাড়া ফেরিঘাট পয়েন্টে একটি ইটবোঝাই ট্রাক দ্রুতগতিতে ফেরিতে উঠতে থাকে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ফেরির কাছে ভিড়ানো খেয়া নৌকার ওপর উঠে যায়। এতে যাত্রীসহ নৌকাটি আন্ধারমানিক নদে ডুবে যায়। ডুবে যায় ট্রাকটিও। যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে উদ্ধার কাজে যোগ দেয়। অন্য যাত্রীদের উদ্ধার করা গেলেও সামিরা (৬), নিশাত (১০) ও আবদুল হালিম (২৬) নামের তিনজনের খোঁজ মেলেনি।
সামিরার বাবা সেলিম হাওলাদার কাঁদতে কাঁদতে বলেন, মেয়েকে নিয়ে নৌকায় চড়ে তিনি নদীর ওপারে কলাপাড়ার নীলগঞ্জে যাচ্ছিলেন। এখন মেয়েকে খুঁজে পাচ্ছেন না।
আবদুল হালিমের নিখোঁজ থাকার কথা সাংবাদিকদের জানিয়েছেন তাঁর এক স্বজন। আর শিশু নিশাতের নিখোঁজের তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।
ফোরকান চৌধুরী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি ফেরির ওপরেই দাঁড়িয়ে ছিলাম। ট্রাক বেপরোয়া গতিতে ফেরিতে উঠেছিল। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে।’
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ডুবে যাওয়া নৌকাটি ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে নদীর চর থেকে উদ্ধার করা হয়েছে। আর ডুবে যাওয়া ট্রাকটিও উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।