নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে, নিহত ৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গিয়ে চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর মাধবদীর ভগিরাথপুর এলাকার এম এম গ্রুপের মালিক আবদুল মোমেন মোল্লার ছেলে আশিকুর রহমান ওরফে পাভেল (২০), তাঁর মামাতো ভাই লিমন (২০), ফুফাতো ভাই অভি (১৮) ও অভির বন্ধু মাধবদীর বিরামপুরের আবদুল বাতেনের ছেলে তুষার (১৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে পুরিন্দা এলাকায় একটি শিশু রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী প্রাইভেট কার শিশুটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অভি মারা যান। গুরুতর আহত হন প্রাইভেট কারের পাভেল, তুষার ও লিমন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
এসআই আবদুস সালাম বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি পানি থেকে তোলা হয়েছে। প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেছে।
পাভেলের বন্ধু আবদুল আজিজ বলেন, তাঁরা বন্ধুরা মিলে চারটি গাড়ি নিয়ে রূপগঞ্জের কাঞ্চনে তিন শ ফুটের রাস্তায় বেড়াতে যান। পথে শিশুকে বাঁচাতে গিয়ে পাভেলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একই বাড়ির তিনজনসহ চারজনের মৃত্যু হয়। পাভেল নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি আবদুল মোমেন মোল্লার ছেলে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সম্প্রতি বিবিএ পাস করেন পাভেল।