নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে বাস দুজনের মৃত্যু
রাজধানীর পল্লবী থানা এলাকায় গতকাল শুক্রবার মিনিবাসের ধাক্কায় দুই পথচারী নিহত ও দুজন আহত হয়েছেন। বিহঙ্গ পরিবহনের ওই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়েছিল।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চা-বিক্রেতা চান মিয়া (৩৫) ও পোশাকশ্রমিক শাহনাজ আক্তার (৪৫)। এ ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নিহত চান মিয়ার সম্বন্ধী আতিক জানান, বিকেল পাঁচটার দিকে বাসটি পল্লবীর পূরবী প্রেক্ষাগৃহের সামনে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। তখন রাস্তা পার হওয়ার সময় বাসের নিচে পড়েন চান মিয়া ও শাহনাজ আক্তার।
পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান বলেন, তিন সন্তানের পিতা চান মিয়া পরিবারের সঙ্গে মিরপুরের পলাশনগরে থাকতেন। শাহনাজ ক্লোমন গার্মেন্ট লিমিটেড নামের পোশাক কারখানায় ‘ফিনিশিং হেলপার’ ছিলেন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন বাসটি ভাঙচুর করে ও চালক বিল্লাল হোসেনকে আটক করে মারধর করে পুলিশে দেন।