চলন্ত অবস্থায় চালক ও টিকিট চেকারের কথা-কাটাকাটির জেরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গতকাল শুক্রবার সকালে মহাসড়কের ভাটভাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মানিকগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মারুফ হাসানের (১৪) অবস্থা আশঙ্কাজনক। গাড়ির ইঞ্জিনের গরম পানিতে তাঁর পিঠের অধিকাংশই ঝলসে গেছে। আহত অন্য ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে রাজধানী ঢাকার গাবতলীর উদ্দেশে পদ্মা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রওনা হয়। সাড়ে ১০টার দিকে মহাসড়কের ভাটভাউর এলাকায় গুডলাক সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদের পানিতে পড়ে উল্টে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।