নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক নিহত
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ যাত্রী। নিহত বাসচালকের নাম ইসমাইল হোসেন (৩২)। তিনি ঢাকার সাভার উপজেলার বকতারপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে পদ্মা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জ থেকে ঢাকার গাবতলীর উদ্দেশে ছেড়ে যায়। সকাল নয়টার দিকে সাটুরিয়ার গোলড়া নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চালক ইসমাইল আত্মরক্ষার জন্য লাফ দেন। তবে তিনি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত পাঁচ যাত্রীকে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, ইসমাইল হোসেনের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।