নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। ছবি: প্রথম আলো।
মির্জাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। ছবি: প্রথম আলো।

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে দোকানের ভেতরে ঢুকে যাওয়ায় কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার স্কয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল পৌনে আটটার দিকে জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দেয়। এতে খুঁটিটি ভেঙে যায়। এর পরপরই বাসটি দোকানে ঢুকে গেলে একটি ওষুধ ও দুটি মুদি দোকান ভেঙে কাত হয়ে পড়ে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে কমপক্ষে ১২ বাসযাত্রী আহত হন। তবে দোকানে থাকা ব্যবসায়ীরা অক্ষত রয়েছেন।

ওষুধ ব্যবসায়ী মোক্তার হোসেন, দুই মুদি দোকানি মোস্তফা ভূঁইয়া ও সিরাজুল ইসলাম জানান, আচমকা বাসটিকে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের দোকানের দিকে আসতে দেখে তাঁরা দ্রুত সরে যান। এতে তাঁরা প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনায় তাঁদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

মির্জাপুরের দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে আসেন। উদ্ধারকাজ করে চিকিৎসার জন্য নয়জনকে কুমুদিনী হাসপাতালে পাঠান। এ ছাড়া কর্তৃপক্ষ জরুরি বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।