নিয়ন্ত্রণ হারিয়ে বাস ফুটপাতে, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। হতাহতদের সবাই ভাসমান মানুষ। গত সোমবার রাতে হাইকোর্ট-সংলগ্ন ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন হাসিনা বেগম (২৫) ও সাহারা খাতুন (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সোমবার রাত সোয়া ১২টার দিকে ফুটপাতে শুয়ে ছিলেন হতাহত ব্যক্তিরা। হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই সাহারা মারা যান। এক ছেলে, এক মেয়েকে নিয়ে তিনি কামরাঙ্গীরচরে থাকতেন, ফুল বিক্রি করতেন হাইকোর্ট এলাকায়। সোমবার রাতে তিনি হাইকোর্ট এলাকাতেই রয়ে যান। গতকাল বিকেলের দিকে ছেলে টুটুল এসে তাঁর লাশ নিয়ে যান। হাসিনার লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। হাসিনার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ওই ঘটনায় গুরুতর আহত তাহেরা বেগম (৫০) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেবরাজ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গাড়িতে চালকসহ তিনজন ছিলেন। তাঁদের মধ্যে দুজন পালিয়েছেন, শাওন নামের একজনকে আটক করা হয়েছে। গাড়িটি পুলিশ শাহবাগ থানায় নিয়ে রেখেছে।
শাওন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় গতকাল রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি।