যাত্রীরা একে একে লেগুনা (ছোট গাড়ি) থেকে নামছিলেন। হঠাৎ পেছন থেকে একটি বাস লেগুনাটির ওপর আছড়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বাসটি এরপর চাপা দেয় পথচারীদের। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান লেগুনার দুই যাত্রী। আহত হন পথচারীসহ অন্তত ছয়জন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় শাহ আমানত সেতুর গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কর্ণফুলী থানার উত্তর চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজিনা কামাল (৪০) এবং জেলে আবদুর রহিম (৩৮)। পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের বাকলিয়ার রাহাত্তরপুর এলাকায় থাকতেন তানজিনা কামাল। বিদ্যালয় ছুটি শেষে তিনি লেগুনায় করে বাসায় ফিরছিলেন। নিহত রহিম বাঁশখালীর বাসিন্দা হলেও থাকতেন নগরের হালিশহরের সিমেন্ট ক্রসিং এলাকায়।
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুবীর বিক্রম দে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। বাসটি নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মো. জহিরুল ইসলাম (৩২), মো. জসিম (৪০), মো. তৌফিক (৪২), মো. সেলিম (৩৫), মো. ইউনুছ ও মো. মোশাররফ (২৫)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান হাসপাতালের চিকিৎসক তানজির রাফসান।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও লেগুনার যাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. নাসির উদ্দিন হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের (সার্জারি ইউনিট) সামনে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা আটজন যাত্রী পটিয়ার মইজ্জারটেক এলাকা থেকে শাহ আমানত সেতুর গোলচত্বরে যাওয়ার জন্য লেগুনায় উঠি। গোলচত্বরে আসার পর গাড়ি থেকে একে একে সবাই নামতে থাকি। এ সময় পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে এক নারী যাত্রীকে গুরুতর আহত হতে দেখি। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ি। এর বেশি কিছু মনে নেই।’
বিকেলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে জড়ো হন নিহত তানজিনা কামালের স্বজন ও সহকর্মীরা। তাঁর স্বামী আইনজীবী মো. কামাল উদ্দিন ঘটনার আকস্মিকতায় ভাষা হারিয়ে ফেলেন। মেয়ে আফরিনা খানমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন স্বজনেরা। সেখানে উপস্থিত উত্তর চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন হায়দার প্রথম আলোকে বলেন, তানজিনা কামাল বিদ্যালয়ে প্রায় ২০ বছর ধরে শিক্ষকতা করছিলেন। বিদ্যালয় ছুটি শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় এভাবে তিনি মারা যাবেন, তা মেনে নেওয়া কঠিন। স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন তিনি।
দুর্ঘটনায় নিহত আবদুর রহিম কয়েক দিন আগে বাঁশখালীর গ্রামের বাড়িতে যান। গতকালই তিনি বাড়ি থেকে শহরের বাসায় ফিরছিলেন বলে জানান তাঁর শ্যালক আবদুর রহমান।