নিয়ন্ত্রণমূলক ভূমিকা নিতে পারেনি ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক সংকটের সময় নির্বাচন কমিশন (ইসি) নিয়ন্ত্রণমূলক ভূমিকা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
গতকাল শনিবার প্রেসক্লাবে ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটি এই আলোচনার আয়োজন করে।
সাখাওয়াত হোসেন বলেন, ২৭ অক্টোবরের পর নির্বাচনকালীন সময় শুরু হয়েছে। ইসির উচিত ছিল পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু তা না করে ইসি বরং দূরে সরে গেছে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের তফসিলসংক্রান্ত বক্তব্যের প্রতি ইঙ্গিত করে সাখাওয়াত বলেন, ‘চাঁদপুরে গ্রামের বাড়িতে বসে একজন কমিশনার নির্বাচনের ঘোষণা দিচ্ছেন। ঢাকায় আরেকজন কমিশনার হয়তো বলবেন, এটা তাঁর জানাই নেই। এগুলো তো বাড়িতে বসে ঘোষণা দেওয়ার বিষয় নয়।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিরোধী দলের উদ্দেশে বলেন, আগে পুলিশের হাতে আন্দোলনকারীরা মারা যেত। এখন হরতালকারীদের বোমায় মানুষ মরছে। বিরোধী দল যদি রাজপথে নেমে প্রাণ দেয়, তাহলে জনগণ নেমে আসবে।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক সাদেক খান ও জগ্লুল আহেমদ চৌধূরী, সৈয়দ আনোয়ার হোসেন, পিয়াস করিম প্রমুখ।