নিয়ন্ত্রণহীন ইজিবাইকে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো নিয়মনীতি না মেনে নগরে ইচ্ছেমতো ইজিবাইক চলাচল করছে। এতে চলাচলে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। অদক্ষ চালকদের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ যানটির প্রতি কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী।
সিটি মেয়র মনিরুজ্জামান বলেন, ‘সরকার আমদানি ও দেশে তৈরি করার অনুমতি দিচ্ছে। আবার আমাদের বলছে, এগুলো চলাচলের অনুমতি দেওয়া যাবে না। ফলে আমরা যাঁরা স্থানীয় সরকার, তাঁরা পড়েছি উভয়সংকটে। সরকার যদি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে দেশ দ্রুত ইজিবাইকে ছেয়ে যাবে। তখন দুর্ভোগের সীমা থাকবে না।’
ইজিবাইক চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবেশবান্ধব ও স্বল্প ভাড়ার কারণে যানটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। একাধিক প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে এর আমদানি শুরু করে। রিকশা ও ভ্যানচালক, ছাত্র, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্নবিত্তের লোকজন এটি চালাতে শুরু করে। চালকদের অধিকাংশেরই গাড়ি চালানোর নূ্৵নতম ধারণা নেই। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সৃষ্টি হচ্ছে যানজটের।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানায়, নগরে এখন ইজিবাইকের সংখ্যা প্রায় আট হাজার। এর মধ্যে অনুমোদিত প্রায় দুই হাজার।
সরেজমিনে নগরের ময়লাপোতা মোড়, ডাকবাংলার মোড়, পিকচার প্যালেস মোড়, শিববাড়ির মোড়, রূপসা ট্রাফিক স্ট্যান্ড মোড়, পিটিআই মোড়, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড ও নতুন রাস্তার মোড় ঘুরে দেখা গেছে, ইজিবাইকগুলো সড়কের মাঝে ও মোড়ের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করছে।
সম্প্রতি মাছের ব্যবসা ছেড়ে ইজিবাইক কিনে চালাচ্ছেন হাবিবুর রহমান। তিনি বলেন, ‘মাছের ব্যবসায় নানা সমস্যা হওয়ায় এখন ইজিবাইক চালাচ্ছি। আয়ও বেশ হচ্ছে।’
পথচারি মোজাম্মেল রহমান বলেন, ‘এত ইজিবাইক যে রাস্তা দিয়ে চলাচল করা যায় না। সাড়াশব্দ নেই পেছন দিক দিয়ে গায়ের ওপর তুলে দেয়। এর কোনো নিয়মনীতি নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর এক কর্মকর্তা বলেন, ‘এই যানটি পরীক্ষা করে দেখা গেছে মোটরগাড়ির নীতিমালায় এটি পড়ে না। এর সঠিক ওজন নেই| ব্যাপক পরিমাণে বিদ্যুৎ ব্যয় হয়। একটু ধাক্কা লাগলে উল্টে যায়। এসব বিচেনা করে আমরা এর অনুমতি দিইনি।
বিআরটিএর সহকারী পরিচালক এ এস এম কামরুল হাসান বলেন, ‘খুলনা নগরে ইজিবাইক চালানোর জন্য বিআরটিএ কোনো অনুমতি দেয়নি। এগুলো দেখার দায়িত্ব প্রশাসনের। তারা পদক্ষেপ নেবে।’
কেএমপির ট্রাফিক ইন্সপেক্টর ইদ্রিস আলী বলেন, চালকদের কোনো লাইন্সে নেই। প্রতিদিন পাঁচ-সাতটি দুর্ঘটনা ঘটেই।’