নিয়ন্ত্রণে আ.লীগ নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি নদী ও আটটি পাহাড়ি ছড়ার বালু উত্তোলনের জন্য চলতি বাংলা সনে কাউকে ইজারা দেওয়া হয়নি। কিন্তু প্রকাশ্যে এসব জায়গা থেকে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বালু উত্তোলনকারীদের কাছ থেকে টাকা আদায় করছেন বলেও অভিযোগ রয়েছে। কোনো কোনো মহাল থেকে আওয়ামী লীগের নেতারা নিজেরাই বালু তুলছেন।উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি ১৪১৭ বাংলা সনে উপজেলার ধলাই ও লাঘাটা নদী এবং লংগুছড়া, বালিয়াছড়া, জালিয়াছড়া, ধামালিয়াছড়া, কালাছড়া, ঝপলাছড়া, পদ্মছড়া ও দেওড়াছড়ার বালুঘাট ইজারা দেওয়া হয়নি। তার পরও পাঁচ মাস ধরে একটি মহল এসব নদী ও ছড়া থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে।সরেজমিনে দেখা গেছে, লাঘাটা ও ধলাই নদীর বিভিন্ন ঘাট, ধামালিয়া, সুনছড়া, ঝপলাছড়া, দেওড়াছড়া, পদ্মছড়াসহ বিভিন্ন ছড়া থেকে বালু উত্তোলন করে ট্রাকযোগে পরিবহন করা হচ্ছে। বালু পরিবহনকারী ট্রাকের চালকেরা নিজেদের নাম প্রকাশ না করে শুধু জানান, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাদেরকে টাকা দিয়ে তাঁরা বালু আনছেন। আলীনগর ইউনিয়নের সুনছড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবদুল বাছিতনসহ একটি মহল বালু উত্তোলনের বিষয়টি নিয়ন্ত্রণ করছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী জানান, নিজেদের দল ক্ষমতায়, তাই একটু সুযোগ হয়েছে বলে বালু উত্তোলন করে আয় করছেন।মাধবপুর ইউনিয়নের ঝপলাছড়া ও পদ্মছড়া থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা আকবর মিয়া, আলীনগর ইউনিয়ন এলাকার লাঘাটা নদী থেকে আওয়ামী লীগের নেতা সালাউদ্দীন মাস্টার, রহিমপুর ইউনিয়নের ধলাই অক্সি সেতু এলাকা ও দেওড়াছড়া থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বালু উত্তোলন করছেন। সালাউদ্দীন মাস্টার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে হেয় করার জন্য একটি মহল তাঁর নাম ব্যবহার করছে। কমলগঞ্জ থানাসংলগ্ন ধলাই নদীর পুরাতন সেতুসংলগ্ন মহাল থেকে বালু তুলছেন উপজেলা যুবলীগের সভাপতি ও কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন। এ প্রসঙ্গে আনোয়ার হোসেন দাবি করেন, চলতি সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বালুমহালের রাজস্ব পরিশোধ করা আছে। তাই তিনি বৈধভাবেই বালু উত্তোলন করছেন।বালু পরিবহনকারী ট্রাকের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এসব নদী ও ছড়া থেকে ১০০ ঘনফুট বালুর জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ৬০০ থেকে ৭০০ টাকা দিয়ে থাকেন। তাঁরা আরও জানান, গত পাঁচ মাসে কমলগঞ্জের দুটি নদী ও আটটি ছড়া থেকে কমপক্ষে ১৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার আবদুস সায়েম মামুন বলেন, এ বছর কমলগঞ্জে কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি। এতে সরকার কমপক্ষে ১৫ লাখ টাকার রাজস্ব হারিয়েছে।অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কাছ থেকে টাকা আদায়কারীরা কখনো আওয়ামী লীগের নেতা-কর্মী হতে পারে না। অভিযোগের সত্যতা পেলে দলীয়ভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) প্রকাশ কান্তি চৌধুরী অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা নিশ্চিত করে জানান, মাঝেমধ্যে অভিযান চালিয়ে বেশ কিছু বালু তিনি জব্দ করেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।