নিয়ন্ত্রণের দুর্বলতার জন্য হল-মার্কের জালিয়াতি হয়েছে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থায় দুর্বলতার কারণে ২০১২ সালে হল-মার্কের মতো জালিয়াতির ঘটনা ঘটেছে।

আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মুহিত বলেছেন, ব্যাংকে ঝুঁকিমুক্ত নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। সবাই যেন স্বাচ্ছন্দ্যে সেবা পেতে পারেন। আর অনলাইন ব্যাংকিং সেবা যেন কোনো যান্ত্রিক গোলযোগের কারণে ব্যাহত না হয়, এ বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে। অর্থমন্ত্রীর মতে, আমানত নেওয়াই কেবল ব্যাংকের কাজ নয়। ব্যাংকের প্রধানতম কাজ হলো অলস অর্থেরও উপযুক্ত ব্যবহার। এ জন্য তিনি ব্যবসা পরিচালনার পৃষ্ঠপোষকতায় ব্যাংকারদের নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম সোনালী ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তন আনার পরামর্শ দেন। তিনি বলেন, সোনালী ব্যাংক কেবল বড় বড় ঋণ দিচ্ছে। এ ক্ষেত্রে খেলাপি হওয়ার আশঙ্কা বেশি থাকে। এই পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। এখন ক্ষুদ্র ও মাঝারি ঋণের দিকে ঝুঁকতে হবে। তিনি বলেছেন, ‘সোনালী ব্যাংকের সমন্বিত কোর ব্যাংকিংয়ের প্রতি আরও নজর বাড়ানো প্রয়োজন। কেননা, এই ব্যাংকে আবার মূলধন দেওয়ার ক্ষেত্রে আমাদের মূল শর্ত ছিল সমন্বিত কোর ব্যাংকিং গড়ে তোলা।’

কিশোরগঞ্জ শাখা থেকে টাকা লুটের ঘটনা উল্লেখ করে সচিব বলেন, নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার সংযোজন করে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পরামর্শ দেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৩ সালে সোনালী ব্যাংক খেলাপি ঋণ আদায়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এ সময়ে ব্যাংকটি পাঁচ হাজার ১৭৬ কোটি ৫০ লাখ টাকার খেলাপি ঋণ আদায় করেছে। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালকে ‘ব্যবসা উন্নয়ন ও খেলাপি ঋণ আদায় বছর’ হিসেবে ঘোষণা করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রদীপ কুমার দত্ত বক্তব্য দেন।