নিয়ন্ত্রিতভাবে সব খাবার খেতে পারবেন রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়াবেটিক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন চট্টগ্রাম জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা l ছবি: প্রথম আলো
ডায়াবেটিক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন চট্টগ্রাম জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা l ছবি: প্রথম আলো

ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে চট্টগ্রামে পঞ্চমবারের মতো শুরু হয়েছে ডায়াবেটিক মেলা। ডায়াবেটিস রোগীরা আজীবন কীভাবে সুস্থ ও কর্মক্ষম থাকবেন, সেটি জানানোই এ মেলার লক্ষ্য। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি এ মেলার আয়োজন করেছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি বলেন, ‘একমাত্র সচেতনতাই পারে ডায়াবেটিস রোগীর দীর্ঘ সুস্থ জীবন নিশ্চিত করতে। এ রোগের প্রধান ওষুধ হচ্ছে সারা জীবন নিয়ম–শৃঙ্খলা মানা।’
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেনারেল ডায়াবেটিক হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করার জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য মো. হাসান মুরাদ, সৈয়দ মোর্শেদ হোসেন, শহীদুল ইসলাম, ডায়াবেটিক হাসপাতালের পরিচালক নওশাদ আহমেদ খান, প্রিন্সিপাল নিউট্রিশন অফিসার হাসিনা আকতার, ভেস্তানি হাসপাতালের কর্মকর্তা মাহমুদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে, ডায়াবেটিক রোগীর খাবার সম্পর্কে ভীতি দূর করা। ডায়াবেটিক রোগীরা নিয়ন্ত্রিত উপায়ে যেকোনো খাবার এমনকি মিষ্টি–জাতীয় খাবারও খেতে পারবেন।
মেলায় ৪০টি স্টল রয়েছে। এসব স্টলে ডায়াবেটিক রোগীদের ওষুধ, ইনসুলিন, ডায়াবেটিক বিস্কুট, পিঠা, মিষ্টি, হালুয়াসহ বিভিন্ন খাবার ও ডায়াবেটিস রোগ নির্ণয়ের মেশিন পাওয়া যাচ্ছে। এ ছাড়া পায়ের যত্নের সামগ্রী, কাউন্সেলিং স্টলও রয়েছে। মেলায় সব ধরনের সামগ্রী, এক্সিকিউটিভ চেকআপ ও জরায়ু মুখের টিকার ওপর রয়েছে বিশেষ ছাড়।
কাল শনিবার পর্যন্ত মেলা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।