চাকরির প্রবিধান না মেনেই চট্টগ্রাম ওয়াসায় লোক নিয়োগ ও পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে। স্নাতক সমমানের যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে রাজস্ব কর্মকর্তা নিয়োগ দেওয়ার নিয়ম থাকলেও তা না করে ওয়াসার এক কর্মচারীকে ওই পদে পদোন্নতি দেওয়া হয়েছে।স্থায়ী পদে নিয়োগ দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হয়। অথচ গোপনে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কখনো পদোন্নতি পাবেন না, এমন সিদ্ধান্ত নেওয়ার মাস না পেরোতেই তিনজনকে পদোন্নতি দেওয়া হয়। চট্টগ্রাম ওয়াসার সচিব নন্দদুলাল বণিক প্রথম আলোকে বলেন, ওয়াসার বোর্ড সভা পদোন্নতিগুলো অনুমোদন করেছে। এ ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের অতীতের যেকোনো বিষয়ে ভুলত্রুটি দেখবেন সংস্থাপন শাখার লোকজন। এ ধরনের অনিয়ম যদি কিছু হয়ে থাকে, তবে দায় তাঁদেরই।খোঁজ নিয়ে জানা যায়, রাজস্ব কর্মকর্তার দুটি পদের মধ্যে একটিতে স্নাতক সমমানের ওয়াসার একজনকে পদোন্নতি দেওয়ার কথা। ওই নিয়মনীতি না মেনে উচ্চমাধ্যমিক সমমানের রাজস্ব তত্ত্বাবধায়ক মীর হোসেনকে পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ পদোন্নতি দেওয়ার জন্য রাজস্ব বিভাগে একাধিক যোগ্য লোক রয়েছেন। রাজস্ব কর্মকর্তার আরেকটি পদে ন্যূনতম স্নাতক পাস একজনকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সরাসরি নিয়োগ দেওয়ার কথা। সূত্র জানায়, তা না করে আরেক রাজস্ব তত্ত্বাবধায়ক লিয়াকত আলীকে পদোন্নতি দেওয়া হয়েছে। লিয়াকত আলী মাত্র এসএসসি পাস। মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে নিয়ম ভেঙে এ দুজনকে পদোন্নতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।পদোন্নতির নতুন নজির: হিসাব সহকারী জালাল আহম্মদ, সাঁটলিপিকার মোজাম্মেল হক ও আবদুল মজিদকে ইতিপূর্বে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেয়। তাঁরা ওই পদোন্নতি নিতে অস্বীকার করায় গত ১৯ ডিসেম্বর একটি অফিস আদেশ জারি করা হয়। তাতে ভবিষ্যতে তাঁরা আর কোনো পদোন্নতি পাবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়াসার প্রবিধানমালায় কেউ পদোন্নতি নিতে না চাইলে তাঁকে জোর করে পদোন্নতি দেওয়ার কিংবা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু নিয়ম ভেঙে তাঁদের পদোন্নতি এবং গত ৮ জানুয়ারি এ-সংক্রান্ত চিঠি তাঁদের দেওয়া হয়।গোপনে লোক নিয়োগ: ৮ জানুয়ারি পাঁচ কর্মীকে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়ার পাশাপাশি অতি গোপনে দুটি স্থায়ী পদে দুজনকে নিয়োগও দেওয়া হয়। তাঁদের নিয়োগপত্রও দেওয়া হয়েছে গোপনে। ফলে বিষয়টি ওয়াসার বেশির ভাগ লোকই জানেন না। তাঁদের একজন উপসহকারী প্রকৌশলী এবং অপরজন হিসাবরক্ষক। এর মধ্যে হিসাবরক্ষক হিসেবে যাঁকে নেওয়া হয়েছে, তিনি ব্যবস্থাপনা পরিচালকের আত্মীয় বলে জানা গেছে। সংবাদপত্রে কোনো ধরনের বিজ্ঞাপন না দিয়েই তাঁদের নিয়োগ দেওয়া হয়। এ প্রসঙ্গে নন্দদুলাল বণিক বলেন, সম্ভবত এক বছর আগে এ ব্যাপারে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিষয়টি উপসচিব জাহাঙ্গীর আলম চৌধুরীই ভালো বলতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার উপসচিব জাহাঙ্গীর আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাজ চালাতে কিছু ভালো লোকজন দরকার। আমরা তাঁদের নিয়েছি। এ ক্ষেত্রে হয়তো নিয়মের ব্যত্যয় হয়েছে। তবে ছোটখাটো এসব ব্যত্যয় হতেই পারে।’ সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।