নিয়ম নেই, তবু ১৬৫ শিশু কারাগারে
দেশের কারাগারগুলোতে ১৬৫ জন শিশু রয়েছে। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে এদের কারাগারে রাখা হচ্ছে। আইন অনুযায়ী, এদের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর কথা। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও মানবাধিকারকর্মীরা বলছেন, শিশুদের কারাগারে রাখা আইন ও মানবাধিকার পরিপন্থী।সরকারি কর্মকর্তারা বলছেন, কারাগারে শিশুর সংখ্যা কমে আসছে। সারা দেশের কারাগারে শিশু-কিশোর-কিশোরীর সংখ্যা প্রতি সপ্তাহে সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়। ১৩ জানুয়ারি অধিদপ্তরে জমা দেওয়া প্রতিবেদনে ১৬৫ শিশু দেশের বিভিন্ন কারাগারে আছে বলে উল্লেখ করা হয়েছে। কারাগারে আটক শিশুদের অবস্থা উন্নয়নের লক্ষ্যে গঠিত জাতীয় টাস্কফোর্সের সর্বশেষ (৬ ডিসেম্বর ২০০৯) সভার কার্যবিবরণী অনুযায়ী, ২০০৯ সালের ১ নভেম্বরে কারাগারে আটক শিশুর সংখ্যা ছিল ২০৫। ২০০৮ সালের একই দিনে ওই সংখ্যা ছিল ২৮০।জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু সুরক্ষাবিষয়ক কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘শিশু আইনের ধারা ৪৮ অনুযায়ী, গ্রেপ্তারের পর শিশুটিকে আদালতে উপস্থিত না করা গেলে নিরাপদ স্থানে রাখতে হবে। শিশুকে থানাতেও রাখা যাবে না।’ তিনি বলেন, কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার কথা বলে শিশুকে কারাগারে রাখার সুযোগ নেই। আইনের উল্লেখ করে তিনি বলেন, ১৬ বছরের নিচে কাউকে দিনে বা রাতে প্রাপ্তবয়স্ক আসামির সঙ্গে রাখা যাবে না। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন আইনে শিশুর বয়সসীমা ভিন্ন থাকায় শিশুদের কারাগারে রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। শিশু আইন ১৯৭৪ বয়স নির্ধারণ করেছে ১৬ বছর। ১৪ বছর বয়সীকে শিশু বলছে জাতীয় শিশু নীতি ১৯৯৪। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ মতে শিশুদের বয়স ১৪। জাতিসংঘ শিশু অধিকার সনদ বলছে, ১৮ বছরের নিচে সবাই শিশু।‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় ৪০০ শিশুর দুঃসহ জীবন’ শিরোনামে ২০০৩ সালের ৪ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত খবরের ভিত্তিতে কারাবন্দী শিশুদের ব্যাপারে জানতে চান হাইকোর্ট। কারাবন্দী শিশুদের সংখ্যা, তাদের আবাসনব্যবস্থা, স্বাস্থ্যগত অবস্থা, বয়স, কার বিরুদ্ধে কী মামলা রয়েছে এবং মামলাগুলোর অবস্থা কী—জানাতে চেয়ে মহাপরিদর্শককে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন। পাশাপাশি কারাগারে শিশু না রাখার নির্দেশনা দেন। নির্দেশনা বাস্তবায়নের জন্য ২০০৩ সালের ২ আগস্ট প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে টাস্কফোর্স গঠন করা হয়। দুই মাসে একবার সভা হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ৬ ডিসেম্বর ১৩তম সভা অনুষ্ঠিত হলেও ১২তম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি।জেলা টাস্কফোর্সের সদস্য বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বলেন, কোর্ট থেকে অনেক সময় শিশুদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সে ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের উচিত সেই শিশুর বিষয়টি কোর্টকে আবার জানানো। তিনি বলেন, এ ক্ষেত্রে জেল কর্তৃপক্ষের সদিচ্ছা থাকা প্রয়োজন।অপরাধের সংস্পর্শে আসা ১৬ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের জন্য তিনটি কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে। টঙ্গী, কাশিমপুর ও যশোরে অবস্থিত এ কেন্দ্রগুলোতে আট শ শিশু-কিশোর-কিশোরীকে রাখার ব্যবস্থা আছে। অভিযুক্ত শিশুকে আদালতে হাজির করার পর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর বিধান রয়েছে। এ ব্যাপারে ঢাকার প্রবেশন কর্মকর্তা হায়দার আলী বলেন, থানায় বয়স বাড়িয়ে লেখার কারণে ১৪ থেকে ১৬ বছরের শিশু কারাগারে চলে যাচ্ছে। ফাহিমা নাসরিন বলেন, শিশুকে কয়েদি হাজতিদের সঙ্গে রাখা বেআইনি, সেটাই অনেকে জানেন না। তিনি বলেন, এ ব্যাপারে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারের পর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া সারতে কয়েক সপ্তাহ লেগে যায়। তখন তাদের কারাগারেই থাকতে হয়।