গ্যাসের আবাসিক সংযোগের জন্য গত জানুয়ারি মাসে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার কার্যালয়ে আবেদন করেছিলেন ঢাকার আশুলিয়ার ইসলামনগর গ্রামের রবিউল আলম। টাকা জমা দেওয়াসহ সব প্রক্রিয়া শেষ হয় জুলাইয়ে। রেগুলেটরের ঘাটতি থাকায় এখনো সংযোগ পাননি তিনি। এরই মধ্যে নিয়ম বদলে ফেলেছে কর্তৃপক্ষ।
সংযোগ পেতে সময়ক্ষেপণ পুরোটাই তিতাস কর্তৃপক্ষের কারণে। আর নিয়ম বদলও করেছে তারাই। এর পরও সংযোগ পেতে রবিউলের ঘাড়ে তিতাস চাপিয়ে দিয়েছে প্রায় চার হাজার টাকার অতিরিক্ত ফি।
শুধু রবিউলই নন। তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের অধীন প্রায় ১২ হাজার গ্রাহকের ঘাড়ে বর্ধিত ফি চাপিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কারণে প্রায় চার কোটি ৩৩ লাখ টাকা বাড়তি গুনতে হবে গ্রাহকদের।
তিতাস গ্যাস সাভারের আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপকের কার্যালয় সূত্র জানায়, গত বছরের মে থেকে আবাসিক সংযোগ দেওয়ার কার্যক্রম পুনরায় চালু করার পর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত নতুন আবেদন জমা পড়েছে ১৭ হাজার ৩১৩টি। এর মধ্যে সংযোগ দেওয়া হয়েছে পাঁচ হাজার ৭৪৩টি। বাকি ১১ হাজার ৫৭০টির আবেদনকারী সংযোগ পাননি। এর মধ্যে এক হাজার ২৯৭টি আবেদনের বিপরীতে রাইজার বসানো হয়েছে। কিন্তু সংযোগ দেওয়া হয়নি। আর সাত হাজার ৮৭টির রাইজারও বসানো হয়নি, সংযোগও দেওয়া হয়নি। এর বাইরে তিন হাজার ১৮৬ জন আবেদনকারী নির্ধারিত ফি দিয়ে পরবর্তী কার্যক্রমের অপেক্ষায় আছেন।
রাইজার বসানো হয়েছে, বসানোর অপেক্ষায় থাকা এবং ফাইল প্রক্রিয়াধীন—এই তিন শ্রেণির ১১ হাজার ৫৭০ জন গ্রাহককেই বর্ধিত হারে ফি দিতে হবে। তিন হাজার ৭৫০ টাকা হারে এসব গ্রাহককে চার কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা বাড়তি দিতে হবে।