নিয়ম পাল্টেছে তিতাস, গ্রাহকের গচ্চা সাড়ে চার কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের আবাসিক সংযোগের জন্য গত জানুয়ারি মাসে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার কার্যালয়ে আবেদন করেছিলেন ঢাকার আশুলিয়ার ইসলামনগর গ্রামের রবিউল আলম। টাকা জমা দেওয়াসহ সব প্রক্রিয়া শেষ হয় জুলাইয়ে। রেগুলেটরের ঘাটতি থাকায় এখনো সংযোগ পাননি তিনি। এরই মধ্যে নিয়ম বদলে ফেলেছে কর্তৃপক্ষ।
সংযোগ পেতে সময়ক্ষেপণ পুরোটাই তিতাস কর্তৃপক্ষের কারণে। আর নিয়ম বদলও করেছে তারাই। এর পরও সংযোগ পেতে রবিউলের ঘাড়ে তিতাস চাপিয়ে দিয়েছে প্রায় চার হাজার টাকার অতিরিক্ত ফি।
শুধু রবিউলই নন। তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের অধীন প্রায় ১২ হাজার গ্রাহকের ঘাড়ে বর্ধিত ফি চাপিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কারণে প্রায় চার কোটি ৩৩ লাখ টাকা বাড়তি গুনতে হবে গ্রাহকদের।
তিতাস গ্যাস সাভারের আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপকের কার্যালয় সূত্র জানায়, গত বছরের মে থেকে আবাসিক সংযোগ দেওয়ার কার্যক্রম পুনরায় চালু করার পর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত নতুন আবেদন জমা পড়েছে ১৭ হাজার ৩১৩টি। এর মধ্যে সংযোগ দেওয়া হয়েছে পাঁচ হাজার ৭৪৩টি। বাকি ১১ হাজার ৫৭০টির আবেদনকারী সংযোগ পাননি। এর মধ্যে এক হাজার ২৯৭টি আবেদনের বিপরীতে রাইজার বসানো হয়েছে। কিন্তু সংযোগ দেওয়া হয়নি। আর সাত হাজার ৮৭টির রাইজারও বসানো হয়নি, সংযোগও দেওয়া হয়নি। এর বাইরে তিন হাজার ১৮৬ জন আবেদনকারী নির্ধারিত ফি দিয়ে পরবর্তী কার্যক্রমের অপেক্ষায় আছেন।
রাইজার বসানো হয়েছে, বসানোর অপেক্ষায় থাকা এবং ফাইল প্রক্রিয়াধীন—এই তিন শ্রেণির ১১ হাজার ৫৭০ জন গ্রাহককেই বর্ধিত হারে ফি দিতে হবে। তিন হাজার ৭৫০ টাকা হারে এসব গ্রাহককে চার কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা বাড়তি দিতে হবে।
ভুক্তভোগী রবিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি সব প্রক্রিয়া সময় এবং নিয়ম মেনে সম্পন্ন করেছি। কিন্তু তিতাস কর্তৃপক্ষই সময়মতো সংযোগ দিতে পারেনি। এখন তাদের ব্যর্থতার দায়ে আমাকে কেন আরেক দফা বাড়তি টাকা দিয়ে খেসারত দিতে হবে?’
তিতাস কর্তৃপক্ষ জানায়, আবাসিক সংযোগের ক্ষেত্রে তিন ভাগে গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া হয়। এর মধ্যে সংযোগের জন্য দুই হাজার ৭৫০ টাকা, কমিশনিং বাবদ ২০০ টাকা এবং আবেদনের জন্য ১০০ টাকা ফি নেওয়ার নিয়ম ছিল। কিন্তু, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সংযোগ ফি ছয় হাজার টাকা, কমিশনিং ফি ৫০০ টাকা এবং আবেদন ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়। ফলে নতুন সংযোগ পেতে গ্রাহকদের প্রতিটি সংযোগে তিন হাজার ৭৫০ টাকা অতিরিক্ত ফি দিতে হবে।
সাভার পৌরসভার গেন্ডা মহল্লার আখেরুজ্জামান বলেন, যাচাই-বাছাই শেষে তাঁর আবেদনপত্রটি অনুমোদন হওয়ার পর গত জুনে তাঁকে রাইজার সরবরাহ করা হয়। কিন্তু রেগুলেটর-সংকটের অজুহাতে তাঁকে সংযোগ দেওয়া হয়নি। এখন নতুন নিয়মে তাঁকে আরও তিন হাজার ৭৫০ টাকা ফি জমা দিতে হচ্ছে।
তিতাস গ্যাস সাভারের আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক আবু জাফর সুলতান আহমেদ বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক গ্রাহকদের নতুন সংযোগ পেতে বর্ধিত হারে ফি প্রদান করতে হবে। কিন্তু গত ৩০ সেপ্টেম্বরের আগে যাঁরা সংযোগ পেয়েছেন, তাঁদের অতিরিক্ত ফি দিতে হবে না। তবে ওই সময়ের (৩০ সেপ্টেম্বর) আগে আবেদন অনুমোদন হওয়ার পর যাঁরা এখনো সংযোগ পাননি, তাঁদের বর্ধিত ফি দিতে হবে।