নিয়ম ভেঙে আ.লীগ নেতাকে হাট ইজারা দেওয়ার অভিযোগ
নিয়ম উপেক্ষা করে রাজশাহীর বাগমারা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে একটি হাট ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আমজাদ হোসেন নামের এক ব্যবসায়ী বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন।লিখিত অভিযোগ ও প্রশাসন সূত্রে জানা গেছে, বাগমারার ছোট-বড় ৪৩টি হাট বাংলা ১৪১৭ সালের জন্য ইজারা দিতে গত ১২ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে মোহনগঞ্জ হাটটি ইজারা নিতে গনিপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা গত বছরের দরের তুলনায় সাত লাখ টাকা কমে ২৩ লাখ টাকার দরপত্র জমা দেন। অপরদিকে, হাসনিপুর হাটের ইজারা পেতে তিনি ১৭ লাখ এক হাজার টাকার দরপত্র জমা দেন। আর আমজাদ হোসেন জমা দেন ১৮ লাখ দুই হাজার টাকার দরপত্র। হাসনিপুর হাটের গত বছরের ইজারামূল্য ছিল ২২ লাখ টাকা।হাটগুলোর ইজারা বন্দোবস্ত দেওয়ার জন্য গত মঙ্গলবার বাগমারা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভা হয়। মোহনগঞ্জ হাটটি গোলাম মোস্তফাকে গত বছরের তুলনায় সাত লাখ টাকা কমে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়। অপরদিকে হাসনিপুর হাটের ইজারামূল্য গত বছরের তুলনায় চার লাখ টাকা কম হওয়ায় পুনঃদরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়।আমজাদ হোসেন অভিযোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী বিগত বছরের তুলনায় বেশি দর পেলেই কেবল ইজারা দেওয়া যাবে, অন্যথায় পুনঃদরপত্র আহ্বান করতে হবে। গোলাম মোস্তফাকে হাট ইজারা দেওয়ার ক্ষেত্রে সে নিয়ম মানা হয়নি।হাটবাজার টেন্ডার কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের মো. মারুফ হাসান জানান, তিনি এ কমিটির সভাপতি হলেও হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যমাত্র। উপজেলা পরিষদের চেয়ারম্যান ওই কমিটির সভাপতি। তিনি মোহনগঞ্জ হাটটি পুনরায় দরপত্র আহ্বানের জন্য মতামত দিয়েছিলেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, মোহনগঞ্জ হাট নিয়ে পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার সঙ্গে বিরোধ হতে পারে, এ জন্য সাত লাখ টাকা কমে এটি ইজারা দেওয়া হয়েছে। হাসনিপুর হাটের ইজারামূল্য আরও বাড়তে পারে বলে পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা জানান, হাট ইজারা নেওয়ার ক্ষেত্রে তিনি কোনো অনিয়ম করেননি। এ ক্ষেত্রে কর্তৃপক্ষকেও তিনি কোনোভাবে প্রভাবিত করেননি।