নিয়ম মেনে চলছে না ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র
রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তালাবদ্ধ পাওয়া যায়। সেখানে কয়েকজন রোগী বলেন, কেন্দ্রটি এভাবেই চলছে। চিকিৎসকেরা এসে খাতায় সই করে কিছুক্ষণ পর চলে যান। গতকাল মঙ্গলবার দুপুরেও সেটি বন্ধ ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ ধরনের স্বাস্থ্যকেন্দ্রে ছয়জন কর্মকর্তা ও কর্মচারীর পদ আছে। তবে চিকিৎসা কর্মকর্তার পদ থাকলেও কার্যত কাউকে পদায়ন করা হয় না। তাঁর জায়গায় দায়িত্ব পালন করেন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা। অন্যদের মধ্যে আছেন একজন পরিবারকল্যাণ পরিদর্শক, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন নিরাপত্তা প্রহরী। এ কেন্দ্রগুলো আগে ২৪ ঘণ্টা প্রসূতিসেবা দেওয়ার জন্য খোলা থাকত। এ জন্য স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে চিকিৎসকদের আবাসনব্যবস্থাও রাখা হয়েছে। তবে আবাসিক ভবনটি সি গ্রেডের হওয়ায় ২৪ ঘণ্টার প্রসূতিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অন্তঃসত্ত্বা ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের চিকিৎসা দেওয়া হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্যকেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, এর দরজায় তালা ঝুলছে। দু-তিনজন নারী চিকিৎসা নিতে দাঁড়িয়ে আছেন। একজনের কোলে শিশু। তাঁরা বলেন, চিকিৎসা নিতে এলে চিকিৎসক তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কোনো ওষুধ দিতে চান না। নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, উপজেলা সদরে এই চিকিৎসকের (উপসহকারী চিকিৎসা কর্মকর্তা) ক্লিনিক আছে। সব ওষুধ তিনি সেখানেই নিয়ে যান। ওই ক্লিনিক করার আগে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে ভালো স্বাস্থ্যসেবা পাওয়া যেত।
স্বাস্থ্যকেন্দ্রটির পেছনে গিয়ে দেখা যায়, চিকিৎসকদের আবাসিক ভবনটির অবস্থা নাজুক হয়ে পড়ছে। এর ভেতরে মাদকসেবীরা আস্তানা করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই স্বাস্থ্যকেন্দ্রে যাঁরা কর্মরত আছেন, তাঁরা তাঁর অধীনে নন। তাঁরা এ বিভাগের চিকিৎসা কর্মকর্তার অধীনে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চিকিৎসা কর্মকর্তা (এমসিএইচএফপি) রাশিদুল আলম বলেন, চারঘাটে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ জন্য সপ্তাহে এক দিন চারঘাটে যান। স্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ থাকার বিষয়টি খোঁজ নেবেন বলে জানান। পরে আবার তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, চিকিৎসক ও কর্মচারীদের সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ওই স্বাস্থ্যকেন্দ্রে থাকার কথা। ওই দিন তাঁরা ছিলেন না। বিষয়টি তিনি দেখবেন এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে উপসহকারী চিকিৎসা কর্মকর্তা আলম হোসেন বলেন, তিনি একটি দাপ্তরিক কাজে চারঘাটে এসেছিলেন। তিনি স্বীকার করেন, ২০০৯ সাল থেকে একটি বেসরকারি ক্লিনিক চালাচ্ছেন। তিনি আরও বলেন, ওই স্বাস্থ্যকেন্দ্রে সরকারি যে ওষুধ দেওয়া হয়, তার একটিও ক্লিনিকের রোগীদের কাজে লাগে না। তাই স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ ক্লিনিকে আনার অভিযোগ ঠিক নয়।