নিয়ম মেনে 'নবাব' ও 'বস-২' মুক্তি দেওয়া হয়েছে: প্রেসনোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম মেনেই যৌথ প্রযোজনার চলচ্চিত্র নবাব ও বস-২ মুক্তি দেওয়া হয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে তথ্য অধিদপ্তর (পিআইডি) এ কথা জানিয়েছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র নবাব ও বস-২ মুক্তির বিরোধিতা করে একটি গোষ্ঠী পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর মন্তব্য করায় বিষয়টি স্পষ্টীকরণের লক্ষ্যে পিআইডি এ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং এই নীতিমালার আলোকে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের বিষয়টি তদারকি করার জন্য এফডিসির ব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পীদের প্রতিনিধির সমন্বয়ে ‘যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণ প্রিভিউ কমিটি’ রয়েছে। এ কমিটি যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের জন্য চিত্রনাট্য, কলাকুশলীর সংখ্যাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব নীতিমালা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দেওয়ার পরই কেবল যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ শুরু করা যায়।

যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ শেষে ছবিটি প্রিভিউ কমিটির কাছে জমা দিতে হয়। প্রিভিউ কমিটি পুনরায় নির্মিত চলচ্চিত্রটি নীতিমালা অনুযায়ী নির্মিত হয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে ছাড়পত্র দিলেই চলচ্চিত্রটির নির্মাতা ও প্রযোজক তা সেন্সর সনদের জন্য সেন্সর বোর্ডে জমা দেন। সেন্সর বোর্ড অন্যান্য চলচ্চিত্রের মতোই সেন্সর আইন অনুযায়ী চলচ্চিত্রটি নির্মিত হয়েছে কি না, তা পরীক্ষা করে। কর্তন-বিয়োজনের পরামর্শ থাকলে তা প্রদান করে। সেই অনুযায়ী নির্মাতা বা প্রযোজক চলচ্চিত্রটি পুনরায় সেন্সর বোর্ডে জমা দিলে, বোর্ড পরীক্ষা-নিরীক্ষা করে আইন অনুযায়ী সেন্সর সনদ প্রদান করে।

বিবৃতিতে বলা হয়, সামগ্রিক এ প্রক্রিয়ায় কোথাও সরকারের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করা বা আইনের বাইরে পা ফেলার সুযোগ নেই। এই চলচ্চিত্র দুটির বিষয়েও একই নীতি অনুসৃত হয়েছে।