মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের শ্রমিকদের দিয়ে কাজ না করিয়ে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রকল্পের অন্যান্য নিয়মও মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিষয়টি স্বীকার করেছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রকল্পের শ্রমিকদের ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ লুটপাট করা হয়েছে।
মাদারীপুর ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে মাদারীপুর সদর উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ বর্তমানে চলছে। প্রকল্পের আওতায় খোয়াজপুর ইউনিয়নে ৪০ দিনে পাঁচটি মাটির রাস্তার সংস্কারকাজ প্রতিদিন জনপ্রতি ২০০ টাকা পারিশ্রমিকে মোট ১৭৫ জন শ্রমিকের করার কথা। প্রত্যেক শ্রমিকের নামে ব্যাংক হিসাব খোলা, প্রতিটি প্রকল্পের তথ্যসংবলিত সাইনবোর্ড টাঙানো, ৩০ শতাংশ নারী শ্রমিককে কাজের সুযোগ দেওয়ার কথা থাকলেও ওই ইউনিয়নে এসব মানা হয়নি। প্রকল্পের বাইরের শ্রমিক চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কাজ করানো হয়েছে এবং শ্রমিকদের নামে ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাত্ করা হয়েছে।
ইউনিয়নের পশ্চিম মেরাজ ব্যাপারীর বাড়ি থেকে খালেক ব্যাপারীর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারকাজে ২৪ জন; চরগবিন্দপুর আবু মুন্সির বাড়ি থেকে সেলিম ব্যাপারীর বাড়ি পর্যন্ত রাস্তায় ২৫ জন; খোয়াজপুর টেকেরহাট থেকে পাটনি বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণের জন্য ২০ জন; নীলচর খালেরপাড় থেকে ইয়াকুব আলীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য ৩০ জন; রাজারচরসংলগ্ন ব্যাপারী বাড়ি থেকে কোলচর ক খ গ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণে ৭৫ জন শ্রমিকের প্রকল্পের কাজ করার কথা ছিল। এই পাঁচটি প্রকল্পের সবগুলোর কাজই চুক্তিভিত্তিক শ্রমিক দিয়ে করানো হয়েছে।
খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার এলাকার বাসিন্দা আবদুর রহমান, খোরশেদ, ওয়াজেদ ব্যাপারী বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক দিয়ে কাজ করানো হয়নি। অল্প টাকা দিয়ে বাইরের শ্রমিক দিয়ে চুক্তিতে কাজ করানো হয়েছে। একটি রাস্তা পুনর্নির্মাণের কাজে অংশ নেওয়া শ্রমিকসর্দার নেছের হাওলাদার বলেন, ‘আমরা দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির কোনো কাজ করি নাই। আমরা চুক্তিতে কাজ করেছি।’
বাইরের শ্রমিক দিয়ে কাজ করানোর কথা স্বীকার করে একটি প্রকল্পের ইউপি সদস্য আলাউদ্দিন বলেন, ‘কর্মসংস্থানের শ্রমিকদের দিয়ে কাজ না করালেও বাইরের অন্য শ্রমিক এনে কাজ করিয়েছি। রাস্তায় হিসাবের তুলনায় বেশি মাটি ফেলেছি।’
একটি প্রকল্পের সভাপতি খোয়াজপুর ইউপির চেয়ারম্যান মো. আলী বলেন, ‘আমরা এলাকার সুবিধার জন্য আগেভাগে কাজ শেষ করেছি। হয়তো সরকারের বিধিমোতাবেক করি নাই। কিন্তু আমরা রাস্তার কাজে মাটি কম কাটি নাই।’ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন বলেন, প্রকল্প ঘুরে দেখে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমার জানা ছিল না। বিভিন্ন প্রকল্প ঘুরে অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেব।’