নিয়ম লঙ্ঘন করে পরীক্ষার খাতা উপডাকঘরে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া আলিয়া মাদ্রাসাকেন্দ্রের আলিম পরীক্ষার উত্তরপত্র নিয়মবহির্ভূতভাবে তিন দিন মাদ্রাসার অভ্যন্তরের উপডাকঘরে রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে বেতাগীর মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তাঁদের অভিযোগ, খাতা বদল করে ভালো ফলের দুরভিসন্ধি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ এই অনৈতিক পন্থা অবলম্বন করেছে। উপজেলা ডাক বিভাগের কর্মকর্তারা জানান, মোকামিয়া উপডাকঘরে খাতা বুকিং নেওয়ার অনুমতি দেওয়া হলেও যেদিনের পরীক্ষার খাতা সেদিনই বরিশাল প্রধান ডাকঘরে পাঠানোর জন্য উপডাকঘরের পোস্টমাস্টারকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু মোকামিয়া আলিয়া মাদ্রাসাকেন্দ্রের খাতা স্থানীয় উপডাকঘরে জমা রেখে তা দু-তিন দিন পরে বরিশালে পাঠানো হচ্ছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।স্থানীয় কারুণা হাসানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহজালাল বলেন, প্রচলিত নিয়ম ভেঙে অতিরিক্ত সময় খাতা রাখার বিষয়টি মোটেই নৈতিক নয়। এতে খাতা জালিয়াতির প্রশ্ন উঠেছে। কেননা, ওই মাদ্রাসায় এর আগেও একবার খাতা জালিয়াতির অভিযোগ ওঠে। তা ছাড়া মাদ্রাসার অভ্যন্তরে ডাক বিভাগের কার্যক্রম চালানোও বিধিসমঞ্চত নয়।মোকামিয়া উপডাকঘরের পোস্টমাস্টার আলমগীর হোসেন নিয়মবহির্ভূতভাবে কয়েক দিন কেন্দ্রে খাতা রাখার বিষয়টি স্বীকার করেন। তবে খাতা পরিবর্তন করার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, অতীতে খাতা পরিবর্তন করার ঘটনা ঘটলেও এ বছর তা হয়নি। ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেদিনের খাতা সেদিনই বরিশালে পাঠানোর নির্দেশ দিলেও তা পাঠানো হয়নি কেন, এমন প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।অভিযোগ প্রসঙ্গে মোকামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহামুদুল হাসান ফেরদৌস বলেন, ‘আমি ছুটি নিয়ে ঢাকায় আছি। তাই এ ব্যাপারে তেমন কিছু জানি না। তবে যে অভিযোগ করা হয়েছে সেটা ষড়যন্ত্রমূলক। আমাদের মাদ্রাসার বদনাম করার জন্য এসব রটানো হচ্ছে।’ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন খাতা জালিয়াতির কথা অস্বীকার করেন। তবে তিন দিন ধরে পরীক্ষার খাতা উপডাকঘরে রাখার বিষয়টিকে নিয়মবহির্ভূত উল্লেখ করে তিনি বলেন, এটি একেবারেই ডাক বিভাগের নিজস্ব বিষয়। বরগুনা প্রধান ডাকঘরের পোস্ট অফিস পরিদর্শক আবু সালেহ বলেন, ‘উপডাকঘরে পরীক্ষার খাতা বুকিংয়ের নিয়ম নেই। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষ সাহেব তদবির করে বিশেষ নির্দেশে এই ব্যবস্থা করে নিয়েছেন। এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি, তবে কেউ লিখিত অভিযোগ করেনি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। অভিযোগের বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা উচিত।’