নিয়ম লঙ্ঘন করে বদলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যেষ্ঠ শিক্ষকের আবেদন অগ্রাহ্য করে অপর শিক্ষকের বদলির সুপারিশ কার্যকর করার অভিযোগ পাওয়া গেছে এক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে৷ তিনি হলেন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আখতার৷
জানা যায়, চলতি বছরের জানুযারি মাসে সহকারী শিক্ষক পদের একজন শিক্ষক অবসরে যাওয়ায় বাগমনিরাম সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের একটি পদ খালি হয়৷ অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে থেকে একজনকে বদলির মাধ্যমে শূন্য পদটি পূরণ করানোর বিধান রয়েছে৷ সেই হিসেবে কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মমতাজ বেগম বদলির জন্য আবেদন করেন৷ কিন্তু শিক্ষা কর্মকর্তা এ পদে শুধু একজন আবেদনকারী হিসেবে কাজীর দেউড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অপেক্ষাকৃত কনিষ্ঠ শিক্ষক মাবিয়া বেগমকে বদলির জন্য সুপারিশ করেন৷ ১৮ মে এই বদলি কার্যকর হয়েছে বলে জানা গেছে৷
এসব অভিযোগ অস্বীকার করে সেলিনা আখতার বলেন, ‘বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ে শুধু একটিমাত্র (মাবিয়া বেগমের আবেদন) আবেদনই পাওয়া গেছে৷ তাঁর বদলির ব্যাপারে সুপারিশ করেছি৷ কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি৷’
শিক্ষা কর্মকর্তা দাবি করেন, মাসিক সমন্বয় সভায় গত ১ েথকে ১৪ জানুয়ারির মধ্যে বদলির আবেদন চাওয়া হয়৷
মমতাজ বেগম অভিযোগ করেন, বদলির জন্য আবেদনের কোনো সময়সীমার কথা বলা হয়নি কোথাও৷ মাসিক সমন্বয় সভায় আলোচনা হওয়ার খবরও পাননি তিনি৷ ৬ মে মমতাজ বেগম শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত আবেদন জানালে তাঁকে গ্রহণ কপি (রিসিভিং কপি) না দিয়ে দুটি আবেদনই রেখে দেওয়া হয়৷
মমতাজ বেগম বলেন, ‘আমি ২৬ বছর ধরে একই বিদ্যালয়ের প্রাতঃ শাখায় কাজ করে আসছি৷ অথচ একজন জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে আমাকে বদলির সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে৷ বর্তমানে বয়স হয়ে যাওয়ায় শারীরিক সমস্যার কারণে আমি শহরের কাছাকাছি বিদ্যালয়ে বদলি হতে চাইছিলাম৷’