নিয়ম লঙ্ঘন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আটিদাশড়া উচ্চবিদ্যালয়ে নিয়ম লঙ্ঘন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির এক অভিভাবক সদস্য গত ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।লিখিত অভিযোগে অভিভাবক সদস্য আজিজার রহমান অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক দায়িত্ব না নিলে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিতে হবে। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান খান ওই নিয়ম লঙ্ঘন করে জ্যেষ্ঠতার ক্রমে থাকা ৫ নম্বর সহকারী শিক্ষক হাবিবুর রহমানকে গত ৭ জুলাই নিয়োগ দিয়েছেন। পরিচালনা কমিটির গত ৭ জুনের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। আজিজার রহমান অভিযোগ করেন, মো. জিল্লুর রহমান ক্ষমতার দাপট দেখিয়ে এবং ৭ জুন সন্ধ্যায় তাঁর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে সই নিয়ে হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা জিল্লুর রহমান খান বলেন, সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, যার জন্য তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়নি। তাঁরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। কিছুদিনের মধ্যে এ অভিযোগের তদন্ত হবে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ‘আমি ওই বিদ্যালয়ের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে একজনকে তদন্তের দায়িত্ব দেওয়া আছে।’