নিয়মতান্ত্রিকভাবে দল পরিচালনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল শনিবার মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাত পর্যন্ত খুলনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলে। গতকাল বাগেরহাট জেলা আওয়ামী লীগেরও বর্ধিত সভা হয়েছে। এসব সভায় মাঠপর্যায়ের নেতা-কর্মীরা অনিয়মতান্ত্রিকভাবে দল পরিচালনার মনোভাব পরিহারের জন্য স্থানীয় সাংসদ ও জেলা পর্যায়ের নেতাদের প্রতি দাবি জানান।মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মকাণ্ডে সবাইকে এক হয়ে কাজ করার পরামর্শ দেন। সভায় আওয়ামী লীগের খুলনা মহানগর, থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এর আগে একই স্থানে শুক্রবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন শেখ হারুনুর রশিদ। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে, এমন মতৈক্যের মধ্য দিয়ে সভা শেষ হয়। দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দল, পরস্পরবিরোধী বক্তব্য ও অনিয়মতান্ত্রিকভাবে দল পরিচালনার মনোভাব পরিহারের দাবি জানান তৃণমূলের নেতারা।দুটি সভাতেই প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী জাফরউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম, সাংগঠনিক সম্পাদক সাংসদ বি এম মোজাম্মেল হক।এদিকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় স্থানীয় নেতাদের বিরুদ্ধে নেতৃত্ব প্রদানে গ্রহণযোগ্যতা হারানোর অভিযোগ করেন মাঠপর্যায়ের নেতারা। তাঁরাও দলের এই অবস্থার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ও অনিয়মতান্ত্রিকভাবে দল পরিচালনার মনোভাব পরিহারের দাবি জানান।মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা মোতাহার হোসেন বলেন, ‘ক্ষমতায় আসার পর দলে কোন্দল বেড়েছে। বিভিন্ন সময়ে এ বিষয়ে জেলা নেতাদের জানানো হলেও তাঁরা কোনো সমাধান দিতে পারেননি। বিগত জোট সরকারের আমলে দলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতনকারীরা আমাদের দলের ওপর ভর করে ত্যাগী নেতা-কর্মীদের ওপর নির্যাতন অব্যাহত রেখেছে। এখন সব কথা নির্ভয়ে বলতে পারি না।’বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, ‘আমিসহ জেলা আওয়ামী লীগের সব নেতা বিতর্কিত হয়ে পড়েছেন। দল ক্ষমতায় আসার পর থেকে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের যোগাযোগ নেই। তাঁরা তৃণমূল কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন।’জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।