নিয়মবহির্ভূত পদায়ন চট্টগ্রাম ওয়াসায়
তাঁদের নিয়োগ দেওয়া হয় পাম্পচালক হিসেবে। কিন্তু পরবর্তী সময়ে পদায়ন করা হয় মিটার পরিদর্শক হিসেবে। এর মধ্যে একটি পাম্পচালক পদটি করিগরি এবং অন্যটি রাজস্ব শাখার অন্তর্ভুক্ত। বর্তমানে ৩২ জন পাম্পচালক রাজস্ব বিভাগে কাজ করছেন। ফলে শতাধিক পাম্পচালকের অভাব নিয়ে চলছে চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ কাজ।অভিযোগ রয়েছে, বড় অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে পাম্পচালকদের রাজস্ব বিভাগে নিয়মবহির্ভূতভাবে পদায়ন করা হয়। মিটার পরিদর্শক পদে যে ধরনের আর্থিক সুযোগ-সুবিধা পাওয়া যায়, তা পাম্পচালকেরা পান না বলে একাধিক পাম্পচালক জানান। জানা যায়, চট্টগ্রাম ওয়াসায় গড়ে ৭২ থেকে ৭৫টি গভীর নলকূপ সচল থাকে। তিন শিফটে চালানোর জন্য প্রতিটি পাম্পের জন্য তিনজন করে পাম্পচালক দরকার। সে হিসেবে ওয়াসায় পাম্পচালকের দরকার ২২০ থেকে ২২৫ জন। বর্তমানে চট্টগ্রাম ওয়াসায় পাম্পচালকের সংখ্যা ১২০ জন। তাঁদের মধ্য থেকে ৩২ জন কাজ করছেন মিটার পরিদর্শক হিসেবে। সর্বশেষ গতকাল রোববার আলমগীর হোসেন নামের আরও এক পাম্পচালককে বিক্রয় বিভাগে সরানো হয়েছে। ফলে দেখা যায়, কোনো পাম্পের জন্যই নিয়মিত তিনজন পাম্পচালক নেই। পাম্পচালকেরা অতিরিক্ত সময় কাজ করায় ওয়াসাকে প্রতি মাসে বিপুল পরিমাণ ওভারটাইমের টাকা গুনতে হয়। ওয়াসার সচিব নন্দদুলাল বণিক প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অনেক দিন আগে থেকেই হয়ে আসছে। যাঁরা রাজস্ব বিভাগে কাজ করছেন, তাঁরা দাবি করছেন মিটার পরিদর্শক হিসেবে তাঁদের অনেক অভিজ্ঞতা হয়েছে। ফলে তাঁরা আর পাম্পচালক হিসেবে আসতে চাইছেন না। প্রশাসনিক কিছু সমস্যা হয়, এ জন্য তাঁদের ফিরিয়েও আনা যাচ্ছে না।’ ওয়াসা সূত্র জানায়, পাম্পচালক পদে স্থায়ী হওয়ার দাবিতে দৈনিকভিত্তিক ১৮ জন সহকারী পরিচালক হাইকোর্টে চারটি মামলা করেন। এর মধ্যে ২০১১ সালে একটি এবং ২০১২ সালে তিনটি মামলা হয়। মামলার আগে ওয়াসা কর্তৃপক্ষ পাম্পচালক সংকটের কারণ দেখিয়ে নতুন পাম্পচালক নিয়োগের উদ্যোগ নেয়। এ সময় দৈনিকভিত্তিক সহকারী পাম্পচালকেরা বাদী হয়ে এসব মামলা করেন। ওয়াসার সচিব নন্দদুলাল বণিক বলেন, ‘রিট মামলার কারণে বর্তমানে পাম্পচালক পদে লোক নেওয়া যাচ্ছে না। তাই মামলাগুলো সচল করে একটি সমাধানে আসার সিদ্ধান্ত নিয়েছি।’