নিয়মিত কর দিতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসাকে কেবল টাকা তৈরির কারখানা না বানিয়ে নিয়মিত কর দেওয়া ও দেশের কল্যাণে চিন্তা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। নবনির্বাচিত নেতারা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আপনারা অবশ্যই ব্যবসা করবেন। তবে দেশ সম্পর্কেও আপনাদের ভাবতে হবে। আপনাদের উপার্জন দেশের বাইরে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা প্রচুর পরিমাণ দেশি-বিদেশি বিনিয়োগ চাই।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সদ্য বিদায়ী সভাপতি এ কে আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, নতুন সহসভাপতি মো. হেলাল উদ্দিন, আসিফ ইব্রাহিম, আবদুর রাজ্জাক, সেলিম ওসমান, আবদুল হক, প্রবীর কুমার সাহা বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী বলেন, দেশকে স্বাধীনভাবে দাঁড়াতে সহায়তা করতে উন্নয়নের ক্ষেত্রে সব বাধা অপসারণে তাঁর সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। শিল্পবিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য ব্যবসায়ী নেতাদের দাবি সম্পর্কে তিনি বলেন, গত চার বছরে ৫৪টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনেরও চুক্তি হয়েছে। ব্যবসায়ী নেতারা রাজধানীতে এফবিসিসিআইয়ের নতুন ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।