নিয়মিত ক্লাস নেই, হলেও গাছতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত ক্লাস হয় না। ক্লাস হলেও অধিকাংশ ক্লাস নিতে হয় গাছতলায়। পঞ্চগড়ের বোদা উপজেলার বালাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের চিত্র এটি। ছয়-সাত বছর ধরে বিদ্যালয়টিতে এই অবস্থা চলছে।
জানা গেছে, ১৯৯৪ সালে স্থাপিত বিদ্যালয়টি ১৯৯৯ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৯৭। ১২ জন শিক্ষক আর একজন এমএলএসএস নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। গত শনিবার সরেজমিনে দেখা যায়, দুটি টিনশেড ভবনের এই বিদ্যালয়ে মোট পাঁচটি কক্ষ। একটি ভবনে তিনটি কক্ষ। এর একটি কক্ষে দরজা-জানালা নেই। ছাত্ররা এটাকে শৌচাগার হিসেবে ব্যবহার করছে এবং এখানে বাইসাইকেল রাখছে। অন্য দুটি কক্ষে উৎকট গন্ধ। বেঞ্চ থাকলেও কোনোটিতে ব্ল্যাকবোর্ড নেই। বিদ্যালয়ের একমাত্র শৌচাগারটি শুধু ছাত্রী ও শিক্ষকেরা ব্যবহার করেন। তবে অন্য ভবনের দুটি কক্ষে ক্লাস হয়। স্থান সংকুলানের অভাবে বাকি ক্লাস নিতে হয় গাছতলায়।
বিদ্যালয়ের ১০-১২ জন শিক্ষার্থী এবং কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষকেরা ইচ্ছেমতো আসেন আর যান। এলেও কোনোমতে ক্লাস নেন। কোনো দিন তিন-চারটার বেশি ক্লাস হয় না। বিদ্যালয় খোলা হয় সকাল সাড়ে ১০টার পর। ছুটি হয় বেলা দুইটায়।
শিক্ষার্থীরা বলে, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক থাকলেও এ বছর এখন পর্যন্ত এসব বিষয়ের কোনো ক্লাস হয়নি। গত ১০ মাসে সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের ক্লাস হয়েছে মাত্র ১০টি। একই অবস্থা অন্যান্য শ্রেণিরও। তারা বলে, বিদ্যালয়ে গ্রন্থাগারিক আছেন। গ্রন্থাগারে বই রাখার তাক আছে। নেই শুধু বই। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য থাকা কম্পিউটার চালু করা হয় না।
জানতে চাইলে বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক বিষ্ণু চন্দ্র রায় ও গণিতের শিক্ষক গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা এতটাই খারাপ যে এখানে কোনো শিক্ষার্থী ভর্তি হতে চায় না। ক্লাসে অধিকাংশ সময় ১০ জনের বেশি শিক্ষার্থী পাওয়া যায় না।
প্রধান শিক্ষক নুর জামাল হক বলেন, বিষয়টি নিয়ে বারবার স্থানীয় সাংসদের সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সভা করে বিদ্যালয়ের সময় নির্ধারণ করেছেন। তাঁরা সকাল সাড়ে ১০টার মধ্যে সব শিক্ষককে বিদ্যালয়ে আসতে বলেছেন। ছুটি দিতে বলেছেন বেলা তিনটায়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘যা যা রিপোর্ট পাইছেন, সব লেখেন। পত্রিকায় ছাপা হলে সেটি নিয়ে স্থানীয় সাংসদের কাছে যাব। তাহলে তিনি আরও বরাদ্দ দেবেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সলিমুল্লাহ বলেন, বিদ্যালয়টি পরিদর্শন করে সার্বিক অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা শংকর কুমার ঘোষ।