নিয়মিত চিকিৎসায় নিয়ন্ত্রণে থাকে সোরিয়াসিস রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, সোরিয়াসিস বিশেষ ধরনের চর্মরোগ। তবে এটি সংক্রামক বা ছোঁয়াচে নয়। এই রোগ কখনোই সারে না। তবে নিয়মিত চিকিৎসা নিলে রোগটি নিয়ন্ত্রণে থাকে।
আজ ২৯ অক্টোবর বিশ্ব সোরিয়াসিস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সোরিয়াসিস! জানুন, সচেতন হন’। সোরিয়াসিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় শোভাযাত্রা ও আলোচনা সভা করবে।
জনসচেতনতা তৈরি করতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব সোরিয়াসিস অ্যাসোসিয়েশন ১৩ বছর ধরে দিবসটি পালন করছে। সংস্থাটি বলছে, সারা বিশ্বে সাড়ে ১২ কোটি মানুষ সোরিয়াসিস রোগে আক্রান্ত। ৫৬টি দেশ এই সংস্থার সদস্য। বাংলাদেশে এ বছর থেকে দিবসটি পালন শুরু হলো। বাংলাদেশে কত মানুষ এই রোগে আক্রান্ত, তার কোনো হিসাব বা পরিসংখ্যান নেই।
চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম কিউ কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, যেকোনো বয়সের নারী ও পুরুষ এ রোগে আক্রান্ত হতে পারে। তবে ১৫ থেকে ৪৫ বছর বয়সীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বংশগত কারণে এ রোগ হতে পারে। গবেষণায় এসেছে, ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত সংক্রমণ, মুখগহ্বরে সংক্রমণ, ত্বকে আঘাত বা আবহাওয়ার কারণে সোরিয়াসিস হতে পারে। এ ছাড়া ধূমপান, মদ্যপান, উচ্চ রক্তচাপের বিশেষ ওষুধ সেবন, ম্যালেরিয়ার ওষুধ এবং স্টেরয়েড-জাতীয় ওষুধ সেবনে সোরিয়াসিস হতে পারে।

উপসর্গ
এ রোগে আক্রান্ত রোগীর ত্বক পুরু হয়ে লালচে দাগ পড়ে। কনুই, হাঁটু, মাথা, মাথার ত্বক, হাত ও পায়ের নখে চুলকাতে পারে, ব্যথা হতে পারে। আক্রান্ত স্থান রুপালি-সাদা আঁশে আবৃত থাকে এবং লালচে বর্ণের ক্ষত দেখা যায়। বহু বছর ধরে আক্রান্ত রোগীর অঙ্গপ্রত্যঙ্গে রোগের প্রভাব পড়ে। এতে যকৃতের রোগ, আর্থ্রাইটিস, হৃদ্রোগ ও রক্তে কোলেস্টেরলের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।

প্রতিকার ও পরামর্শ
শরীরের অল্প অংশে এই রোগ হলে ক্রিম, পেট্রোলিয়াম জেলি, লোশন, নারকেলের তেল ব্যবহারের জন্য অধ্যাপক এম কিউ কবীর চৌধুরী পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এতে শুষ্ক ত্বক আর্দ্র থাকে। আর বেশি জটিলতায় চিকিৎসকের পরামর্শে ওষুধ, আলট্রাভায়োলেট ও বায়োলজিক্যাল থেরাপি নিতে হয়। শুরুতে নিয়ন্ত্রণ না করলে বয়স বাড়লে রোগের জটিলতাও বেড়ে যায়।