বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি ‘বিলুপ্ত’ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতে এ ঘোষণা দেওয়া হয়। অবশ্য রাত পর্যন্ত নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়নি। কবে নাগাদ নতুন কমিটি আসতে পারে—এ ব্যাপারেও নেতা-কর্মীদের জন্য কোনো দিকনির্দেশনা নেই।
বেলা ১১টার দিকে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা বিকেল চারটায় হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দ্রুততম সময়ের মধ্যে কমিটি দেওয়ার ‘অনুরোধ’ করে বলেন, ‘নতুন যে কমিটি হবে, সেটা যেন ভাই বা বসদের কমিটি না হয়। যোগ্যতাকে স্বীকৃতি না দিলে ভালো ছেলেমেয়েরা রাজনীতি করার আকর্ষণ হারিয়ে ফেলবে। নেতা হওয়ার ফ্যাক্টর হবে যোগ্যতা, তা যেন চামচামি না হয়।’ এ সময় তিনি নিয়মিত ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি করার প্রতি জোর দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ করে মন্ত্রী প্রশ্ন রাখেন, দুই যুগের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বন্ধ রাখা হয়েছে কেন? ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ছাত্রনেতারা দায়িত্ব নিলে কর্তৃপক্ষের দায়িত্বের সীমানা সংকুচিত হবে বলে তাঁরা শঙ্কায় ভুগছেন।
কেন্দ্রীয় কমিটি যেদিন ঘোষণা হবে, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করতে চায়, এমন মন্তব্য করে মঞ্চেই দুই ধরনের বক্তব্যে দ্বিধায় পড়ে যান ওবায়দুল কাদের। পরে তিনি ‘অনুরোধ’ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আগে দিয়ে দেওয়া উচিত।
সম্মেলনে আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ। কমিটির ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা কাজ করছি। কমিটি হলে গণমাধ্যমকে জানানো হবে। যাঁরা ত্যাগী, মেধাবী ও ২০১৩ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন, তাঁরাই নতুন নেতা হবেন।’