নিয়মিত ট্রানজিটে আরও ১৭৮ টন পণ্য ত্রিপুরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে দেওয়া নিয়মিত ট্রানজিটের তৃতীয় চালানে আরও প্রায় ১৭৮ টন পণ্য ত্রিপুরায় গেছে। গতকাল সোমবার দুপুরের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশি নয়টি ট্রাকে এই পণ্য ত্রিপুরার আগরতলা স্থলবন্দরে খালাস করা হয়।এর জন্য কোনো মাশুল দিতে হয়নি। তবে স্থলবন্দর ব্যবহার করায় স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী প্রতি ট্রাকের জন্য ৮৫ টাকা করে ফি নিয়েছে।স্থলবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় লোহাজাতীয় (কাঁচা লোহা) পণ্য নিয়ে এমভি নীলকণ্ঠ নামের একটি বাংলাদেশি জাহাজ পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৬২১ টন পণ্য নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে আসে। এর আগে এই বন্দরে পরীক্ষামূলক ট্রানজিটের পণ্য নিয়ে দুটি জাহাজ ভিড়ে। তবে এমভি নীলকণ্ঠ জাহাজের মালামালের বিষয়ে পরীক্ষামূলক ট্রানজিট কথাটি উল্লেখ ছিল না।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিয়মিত ট্রানজিটের নয়টি ট্রাকে প্রায় ১৭৮ টন পণ্য আজ (সোমবার) ত্রিপুরায় গেছে। রপ্তানির পণ্য নিয়ে যে প্রক্রিয়ায় বাংলাদেশি ট্রাক ত্রিপুরায় যায়, অনেকটা সেভাবেই গেছে। বন্দর ব্যবহার করায় ট্রাকপ্রতি ৮৫ টাকা ফি আদায় করা হয়েছে।’