নিয়মিত পরামর্শ বৈঠক করবে বাংলাদেশ-ওমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ওমানের মধ্যে গতকাল রোববার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই স্মারকের আওতায় এখন থেকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে পরামর্শ বৈঠক করবে।
এদিকে গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে পর্যুদস্ত ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ওমান বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। খবর ইউএনবির।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষে ওমান সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ওমানের পক্ষে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুজাইদি ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ওমানের রাজধানী মাসকটে এক আয়োজনে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরাজমান সম্পর্কে গতি আনতে রাজনৈতিক, অর্থনৈতিক, কৃষি, প্রযুক্তিগত, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিক্ষা ও তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সংহত করতে দুই দেশ একমত হয়েছে।
ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে ইয়েমেনের সহায়তা চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ প্রসঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সব ধরনের সহায়তা ও পরামর্শ দেওয়ার আশ্বাস দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাবি বিন আবদুল্লাহকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাদরে সেই আমন্ত্রণ গ্রহণ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুজাইদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গত শনিবার ওমানে পৌঁছান।