নিয়মিত মামলার নির্দেশ, পুলিশ সদস্য প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র রহমান ইকবালকে থানায় ধরে নিয়ে নির্যাতনের ঘটনায় পুলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে ১৮ অক্টোবর প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার দুপুরে রহমানের বাবা মোস্তফা ইকবাল বাদী হয়ে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। মারধরের ঘটনায় থানায় নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা এবং এ বিষয়ে পুলিশ সুপারকে প্রতিবেদন দিতে ওই দিনই আদেশ দেন জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমদ।

আদালতের আদেশের পর অভিযুক্ত পুলিশ সদস্য জয় মারমাকে প্রত্যাহার করা (ক্লোজড) হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। প্রথম আলোকে তিনি বলেন, আনসার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর দেখবে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে সুধারাম থানার সামনের সড়ক থেকে ইকবালকে টেনে-হিঁছড়ে পুলিশ সদস্য জয় মারমা ও আনসার সদস্য লিয়াকতসহ তিন ব্যক্তি থানায় নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে তাকে মারধর করা হয়। এ ঘটনায় ইকবালের বাবা গত মঙ্গলবার নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে পিটিশন মামলা করেন।