চাকরি স্থায়ী হওয়ার আশায় বছরের পর বছর পার করছেন চট্টগ্রাম ওয়াসার ১১০ জন দৈনিকভিত্তিক কর্মচারী। চাকরি স্থায়ী করতে উচ্চ আদালতে চারটি মামলাও করেছেন। কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ তাঁদের স্থায়ী না করে আবারও নতুন কর্মচারী নিয়োগের উদ্যোগ নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ-বাণিজ্য করতেই ওয়াসা নতুন নিয়োগে আগ্রহী বলে অভিযোগ করেছেন বঞ্চিত কর্মচারীরা।
তাঁদের দাবি, ওয়াসা চাইলে নিজস্ব আইনেই কর্মচারীদের স্থায়ীকরণ এবং দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে এসব মামলা স্বাভাবিকভাবে নিষ্পত্তি করতে পারে। কিন্তু তা না করে কর্তৃপক্ষ নতুন নিয়োগের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে। দায়ের করা চারটি মামলার মধ্যে আজ তিনটির শুনানির দিন ধার্য রয়েছে।
ওয়াসা সূত্রে জানা গেছে, ২০০৪ সালে অর্থ ও সংস্থাপন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের আলোকে দৈনিক ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীদের মধ্যে ৩৫ জনকে নিয়মিত করেছিল ওয়াসা। সে সময় ওয়াসার ২০১তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অবশিষ্ট দৈনিকভিত্তিক কর্মচারীদের পর্যায়ক্রমে স্থায়ী করা হবে। কিন্তু এরপর আর তাঁদের কাউকে নিয়মিত না করে বিভিন্ন সময়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালে হাইকোর্টে পৃথকভাবে চারটি মামলা দায়ের করেন কয়েকজন কর্মচারী। সে সময় বেশ কয়েকটি পদে নিয়োগ স্থগিত করেন হাইকোর্ট। কিন্তু বর্তমানে ওয়াসা ওই স্থগিতাদেশ স্থগিত করার জন্য আবেদন করেছে বলে জানা গেছে।
দায়ের করা মামলাগুলোর একটির বাদী মো. মহিউদ্দিন। ২০০৩ সালে চট্টগ্রাম ওয়াসায় তিনি সহকারী পাম্পচালক হিসেবে যোগদান করেন। কিন্তু ১১ বছরেও চাকরি স্থায়ী হয়নি তাঁর। প্রথম আলোকে মহিউদ্দিন বলেন, ‘ওয়াসা যদি চায় বাংলাদেশের ১৬ কোটি মানুষকেই নিয়োগ দিক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তার আগে আমাদের নিয়মিত করতে হবে। কর্তৃপক্ষের আশ্বাস পেলে কালকেই মামলা তুলে নেব আমরা।’ মামলা করার কারণে পদে পদে তাঁকে হেনস্তা হতে হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
জানা গেছে, গত ১৮ জানুয়ারি ওয়াসার বোর্ডসভার সদস্যরাও এসব কর্মচারীকে স্থায়ী করার পরামর্শ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওয়াসার আরেকজন কর্মচারী বলেন, টাকা ছাড়া ওয়াসায় চাকরি হয় না কারও। পুরোনো কর্মচারীদের নিয়মিত করলে টাকা পাওয়া যাবে না বলেই কর্তৃপক্ষ নতুন নিয়োগে আগ্রহী।
যোগাযোগ করা হলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে জানান, গত মাসের বোর্ডসভায় ওয়াসার নতুন জনবলকাঠামো অনুমোদন করা হয়েছে। সেখানে এসব পদের সংকুলান করা হয়েছে। মামলা নিষ্পত্তি হলে এরপর এসব পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। তখন অস্থায়ী কর্মচারীদের কথাও অবশ্যই বিবেচনা করা হবে। নিয়োগ-বাণিজ্যের অভিযোগ অস্বীকার তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ওয়াসার নিয়োগে কাউকে কখনো এক টাকাও দিতে হয়নি।