নিয়মের মধ্যেই স্বর্ণ 'পাচার'!
একের পর এক চালান ধরা পড়ার কারণে স্বর্ণ পাচারকারীরা নিত্যনতুন কৌশলের আশ্রয় নিচ্ছেন। সর্বশেষ তাঁরা নিয়ম মেনেই সোনা আনার কৌশল নিয়েছেন। এ ক্ষেত্রে একজন যাত্রী নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ২০০ গ্রাম ওজনের সোনার বার নিয়ে আসছেন। তবে হঠাৎ করে নিয়মের মধ্যে সোনার বার আনার হিড়িক পড়েছে। এটি পাচারকারীদের কৌশল হতে পারে বলে মনে করছেন শুল্ক কর্মকর্তারা। বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল রোববার শারজা ও দুবাই থেকে আসা দুটি উড়োজাহাজের ১৬ জন যাত্রী ২৭টি সোনার বার এনেছেন। এ ক্ষেত্রে সবাই নিয়ম অনুযায়ী ১০০ থেকে সর্বোচ্চ ২০০ গ্রাম পর্যন্ত সোনার বার এনেছেন।
জানতে চাইলে বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী প্রত্যেক যাত্রী ২০০ গ্রাম পর্যন্ত সোনার বার আনতে পারেন। এ ক্ষেত্রে শুল্ক কর পরিশোধ করতে হবে। গতকাল দুটি উড়োজাহাজের যাত্রীদের আনা ২৭টি সোনার বার থেকে ৪৩ হাজার টাকা শুল্ক কর আদায় হয়েছে বলে তিনি জানান।
যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা ২০১২ অনুযায়ী, একজন যাত্রী ২০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার শুল্ক কর ছাড়াই নিয়ে আসতে পারেন। তবে একই রকম অলংকার ১২টির বেশি আনা যাবে না। আবার সর্বোচ্চ ২০০ গ্রাম ওজনের সোনার বার শুল্ক কর পরিশোধ করে আনা যাবে। এ ক্ষেত্রে প্রতি তোলা (১১.৬৬৪ গ্রাম) সোনার বারের জন্য ১৫০ টাকা শুল্ক কর পরিশোধ করতে হয়।
তবে একই বিধিমালা অনুযায়ী, ২০০ গ্রামের বেশি অর্থাৎ বাণিজ্যিক পরিমাণে সোনার বার আমদানির ক্ষেত্রে প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের ছাড়পত্র বাধ্যতামূলক। এর পরও সোনার বার আনার জন্য ন্যায়-নির্ণয়নপূর্বক শুল্ক কর, অর্থদণ্ড ও জরিমানা পরিশোধ সাপেক্ষে খালাস করার বিধান রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাণিজ্যিকভাবে ২০০ গ্রামের বেশি সোনার বার আমদানিতে কঠোর নিয়মের কারণে পাচারকারীরা বারবার কৌশল পাল্টান। কারণ বৈধভাবে বাণিজ্যিকভিত্তিতে সোনা আমদানির প্রক্রিয়া জটিল।
সোনার বার আটকের ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, বড় চালান ধরা পড়ার কারণে দুই থেকে চারটি সোনার বার আনার ঘটনা ছিল এত দিন বেশি। গত ৩৯ দিনে সোনা চোরাচালানের ৩৩টি ঘটনার মধ্যে দুই থেকে চারটি সোনার বারের পাচারের ঘটনা ধরা পড়েছে ২৮টি। কিন্তু ছোট চালানও ধরা পড়ায় এখন নিয়মের মধ্যে থেকে সোনার বার আনার হার বাড়ছে। তবে পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও বাহকেরা ধরা পড়ছেন বেশি।
গত শনিবার রাতে দুবাই থেকে আসেন ফেনীর দাগনভূঞা এলাকার বাসিন্দা ইমরান হোসেন। তাঁর কাছ থেকে ২০০ গ্রামের বেশি ওজনের দুটি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস।
এসব সোনার বার কার? জানতে চাইলে ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার আপন চাচা এ দুটি সোনার বার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দিয়েছেন। এ জন্য আমার কিছু খরচাপাতিও বহন করেছেন তিনি।’
ইমরান হোসেন জানান, ‘২০০ গ্রাম পর্যন্ত সোনার বার আনা যায় ভেবে এগুলো আমার চাচা আমাকে বহন করা জন্য দিয়েছেন। কিন্তু কাস্টমস বলছে, দুটি সোনার বারের ওজন ২০০ গ্রামের বেশি।’
ইমরান হোসেন ধরা পড়লেও নতুন করে যাঁরা নিয়ম মেনে সোনার বার নিয়ে আসছেন সেগুলোর প্রতিটির ওজন ১০০ গ্রাম। এর আগে যতগুলো সোনার বার ধরা পড়েছে সেগুলোর প্রতিটির ওজন ছিল ১১৬ গ্রাম।