নিয়ামক হবে নতুন ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ছয়টি আসন
খুলনার ছয়টি আসন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে এবার প্রায় ৩ লাখ ৫৭ হাজার নতুন ভোটার। তাঁরা প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দেবেন। গত ১০ বছরে তাঁরা ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয় আসনের মধ্যে তিনটিতে ভোট না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি তিনটিতে নির্বাচন হয়েছিল, তবে বিএনপি ও জামায়াতের বর্জনের কারণে ওই আসনগুলোতেও শক্ত প্রতিপক্ষ ছিল না। এ কারণে নতুন ভোটারদের বড় একটি অংশ ভোট দিতে পারেননি। তাই এবারই এই তরুণেরা প্রথম সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ফলাফল নির্ধারণে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনার ছয়টি আসনে এবার সব মিলে ১৮ লাখ ৬৫৬ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে ৯ লাখ ২ হাজার ৬৩১ জন পুরুষ ও ৮ লাখ ৯৮ হাজার ২৫ জন নারী ভোটার। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ছয়টি আসনে মোট ভোটার ছিল ১৪ লাখ ৪২ হাজার ৮৬২ জন।
নির্বাচন–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীরা নতুন ভোটারদের কাছে টানতে প্রচারণায় তরুণদের প্রাধান্য দিচ্ছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সরাসরি যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ভোটারদের উদ্বুদ্ধ করতে নানা প্রচারণা চালাচ্ছেন। ৬টি আসনের অন্তত ৩০ জন নতুন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এবার ভোট দিতে যেতে চান। তবে সবার আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
তরুণ ভোটাররা বলেন, নতুনেরা নির্বাচনী ইশতেহারকে বিবেচনায় নেবেন, পাশাপাশি প্রার্থীর আগের কর্মকাণ্ড, প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতাসহ পরিচ্ছন্ন ভাবমূর্তির বিষয়টি প্রাধান্য দেবেন। তবে কিছু নতুন ভোটার প্রার্থী বিবেচনায় না নিয়ে সরাসরি পছন্দের দলের প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়েছেন।
খুলনা নগরের নাজিরঘাট এলাকার নতুন ভোটার অহিদুল ইসলাম বলেন, ‘ভোটার হয়েছি ৯ বছর হয়ে গেল। কিন্তু দুর্ভাগ্য এখনো পর্যন্ত কোনো সংসদ নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার ভোট দিতে চাই, তবে শেষ পর্যন্ত ভোটের পরিবেশ কতটা নির্বিঘ্ন থাকবে, তা নিয়ে শঙ্কায় আছি।’ তিনি বলেন, ‘যে প্রার্থী উন্নয়ন করতে পারবে, সাধারণ মানুষের পাশাপাশি থাকবে, এমন প্রার্থীকে ভোট দেব।’
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শ্রাবন্তী কুণ্ডু বলেন, ‘আমি দলকানা নই। এবারই প্রথম ভোট দেব, তবে প্রথম ভোট হওয়ায় দেখেশুনে যোগ্য প্রার্থীকেই বেছে নেব।’

খুলনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তরুণদের ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেই একজন তরুণ প্রার্থী। তরুণদের সমস্যাটা আমার জানা আছে। তাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিনোদন পার্কে ফ্রি ওয়াই–ফাই ও বিভিন্ন ওয়ার্ডে ব্যায়ামাগার স্থাপনসহ তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে চেষ্টা করব। তা ছাড়া কেন্দ্রীয়ভাবে আমাদের নির্বাচনী ইশতেহারে তরুণদের বিষয়টি প্রাধান্য পাবে।’
খুলনা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আক্তারুজ্জামান বাবু বলেন, ‘এলাকার তরুণদের কর্মসংস্থান বাড়ানো ও প্রযুক্তি বিষয়ে তাদের প্রশিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাব।’
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী ননী গোপাল মণ্ডল ৫২ হাজার ৩৮১ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী আমির এজাজ খানকে পরাজিত করেন। এবার ওই আসনে পাঁচজন প্রার্থী লড়াই করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পঞ্চানন বিশ্বাস ও বিএনপি থেকে আমীর এজাজ খান। এবার আসনটিতে ৪১ হাজার ৬২৬ জন নতুন ভোটার হয়েছে।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ মিজানুর রহমানকে ১ হাজার ৬৭০ ভোটের ব্যবধানে হারান বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
এবার এ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বিএনপির নজরুল ইসলামের বিপক্ষে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েল। আসনটিতে এবার ৫৫ হাজার ৬৭২ নতুন ভোটার হয়েছেন।
খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান ২০০৮ সালে ১৬ হাজার ৫০১ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী সেকেন্দার আলী ডালিমকে হারান। এ বছর পাঁচজন প্রার্থী আছেন। এর মধ্যে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান ও বিএনপির রকিবুল ইসলাম বকুল নির্বাচনী মাঠে রয়েছেন। ২০০৮ সালের তুলনায় এবার আসনটিতে নতুন ভোটার হয়েছেন ৪৩ হাজার ৩৮৭ জন।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে বিএনপি প্রার্থী ১১ হাজার ৬৬৯ ভোটে হেরে যান। এবার প্রার্থী আছেন ছয়জন। তাঁদের মধ্যে নৌকা প্রতীকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও ধানের শীষ প্রতীকে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল নির্বাচন করছেন। এবার এ আসনে নতুন ভোটার ৬৭ হাজার ৫৮৫ জন।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিএনপি জোটের জামায়াত প্রার্থীকে ৩৯ হাজার ২৮৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এবার প্রার্থী আছেন পাঁচজন। এর মধ্যে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ ও বিএনপির টিকিটে নির্বাচন করছেন জামায়াতের মিয়া গোলাম পারওয়ার। ২০০৮ সালের চেয়ে এবার আসনটিতে নতুন ভোটার ৬৪ হাজার ৬৪৩ জন।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিএনপি জোটের জামায়াত প্রার্থীকে ১৪ হাজার ৯৬০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এবার প্রার্থী আছেন সাতজন। এর মধ্যে আওয়ামী লীগের আক্তারুজ্জামান বাবু ও বিএনপির প্রার্থী হলেন জামায়াতের আবুল কালাম আজাদ। ২০০৮ সালের তুলনায় এবার আসনটিতে নতুন ভোটার বেড়েছে ৮৪ হাজার ৮৮১ জন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনার সম্পাদক কুদরত-ই-খুদা বলেন, তরুণেরা এখন গণতন্ত্রমুখী। তাঁরা এখন প্রগতিশীল চিন্তাভাবনা করেন। খুলনায় এবার তরুণ ভোটাররা বড় ফ্যাক্টর হবে। তাঁরা পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীকে বেছে নেবেন। দুই বড় দলেই এবার বেশ কিছু নতুন মুখ প্রার্থী হয়েছেন, এটা ইতিবাচক বিষয়। এখন প্রার্থীরা কতটা ইতিবাচকভাবে তরুণদের টানতে পারছেন, সেটাই জয়-পরাজয়ের অন্যতম নির্ধারক হবে।