নিয়ামতপুরে আদিবাসী গ্রামে সন্ত্রাসী হামলা, আহত ২০
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একটি আদিবাসী গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে আদিবাসীদের উচ্ছেদ করতে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন বোরামবাড়ী সাঁওতাল গ্রামের বিশ্বনাথ হেমব্রম (৩০), লবিন মার্ডি (৬৫), লক্ষ্মীরাম মুর্মু (৬০) সুমন মুর্মু (৪০) ও মলিন মিন্জ (২৮)। তাঁদের মধ্যে বিশ্বনাথ ও লবিনের অবস্থা গুরুতর।এ ঘটনায় নিয়ামতপুর থানায় গতকাল দুপুরে মামলা করেছেন আহত বিশ্বনাথ হেমব্রম। মামলায় ৪০ জনকে আসামি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁদের উচ্ছেদ করতে এবং গ্রামের আদিবাসী নেতাদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আমইল গ্রামের মোজাহার ও জিম্পুর গ্রামের মজিবুর।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টার দিকে প্রায় ৪০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা, বল্লম, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল বোরামবাড়ী সাঁওতাল গ্রামে হামলা চালায়। খবর পেয়ে নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, শয্যায় শুয়ে কাতরাচ্ছেন লবিন মার্ডি। তাঁর হাত-পায়ে বল্লম ও হাঁসুয়ার আঘাতের স্থান থেকে রক্ত ঝরছে।হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত বিশ্বনাথ হেমব্রম জানান, তাঁকে ঘরের খুঁটিতে বেঁধে বেদম পিটিয়েছে সন্ত্রাসীরা। তাঁর হাঁটুর নিচে ও পায়ের পাতার হাড় ভেঙে গেছে। হামলাকারীরা স্ত্রী ও চার বছরের ছেলেকেও লাঠি দিয়ে বেদম পিঠিয়েছে। শিশুটিকে মেরে ধানখেতের মধ্যে ছুড়ে ফেলে দেওয়া হয়।বিশ্বনাথ প্রথম আলোকে বলেন, ‘পূর্বপুরুষের নামে রেকর্ডকৃত জমিতে ঘর তুলে গ্রামে বসবাস করছে ২৫টি আদিবাসী পরিবার। কিন্তু জালিয়াত চক্র জাল দলিল করে তাদের উচ্ছেদের চেষ্টা করে আসছে। এ জন্যই তাদের ওপর হামলা চালানো হয়েছে।নিয়ামতপুর থানার এসআই খলিলুর রহমান হামলার ঘটনা নিশ্চিত করে জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটছে। থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।