নিয়ামতপুরে গণপিটুনিতে ডাকাত নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার মিরাপাড়া গ্রামে গ্রামবাসীর পিটুনিতে গতকাল মঙ্গলবার ভোরে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন।
পুলিশ ও গ্রামবাসী জানান, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে মিরাপাড়া গ্রামের মজনু মিয়া তাহাজ্জতের নামাজ পড়তে ওঠেন। ওজু করতে বের হয়ে দেখেন, তাঁর বাড়ি থেকে একদল ডাকাত বেরিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে পালানোর প্রস্তুতি নিচ্ছে। এ সময় তাঁর চিৎকারে গ্রামবাসী ছুটে আসতে থাকেন। অবস্থা বেগতিক দেখে ডাকাতেরা দ্রুত পালানোর চেষ্টাকালে গ্রামবাসী ডাকাত সাইফুলকে ধরে ফেলেন। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গতকাল সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিয়ামতপুর থানার ওসি জানান, সাইফুলের নামে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় একটি ডাকাতি এবং নিয়ামতপুর থানায় তিনটি চুরির মামলা রয়েছে।