নিয়ামতপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর থানার পুলিশ গতকাল রোববার দুপুরে উপজেলার ভাতকুণ্ডু গ্রাম থেকে গাজলি বেগম (৪৫) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে গাজলিকে খুন করা হয়েছে। এ ব্যাপারে নিহত গৃহবধূর স্বামী হারুন-অর রশিদ মামলা করেছেন। মামলায় কাউকে সুনির্দিষ্ট আসামি করা হয়নি।মামলার তদন্ত কর্মকর্তা নিয়ামতপুর থানার উপপরিদর্শক খলিলুর রহমান জানান, ঘটনার সময় গাজলি বেগম তাঁর ছোট ছেলে মানিককে (১২) সঙ্গে নিয়ে দরজাবিহীন একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। শনিবার রাত আড়াইটার দিকে পাশের ঘরে থাকা তাঁর আরেক ছেলে আনছারুল ইসলাম গোঙানির শব্দ শুনে ঘরে ঢুকে বিছানার ওপর তাঁর মায়ের গলাকাটা লাশ দেখতে পায়। ঘটনার সময় গৃহবধূর স্বামী হারুন-অর রশিদ ওই ঘরের পেছন দিকে পৃথক একটি ঘরে মুরগি পাহারা দিচ্ছিলেন। স্থানীয় লোকজন তাঁকে ঘুম থেকে ডেকে তুলে তাঁর স্ত্রীর মৃত্যুসংবাদ দেয়। খলিলুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করাসহ খুনিকে শনাক্ত করা হয়েছে। তবে এক্ষুনি সবকিছু প্রকাশ করা যাবে না।