নিয়ামতপুরে বিদ্যুৎ উপকেন্দ্র ও সঞ্চালন লাইন চালু
নওগাঁর নিয়ামতপুরে ৮০ মেগাওয়াট ধারণক্ষমতার বিদ্যুৎ উপকেন্দ্র ও নওগাঁ-নিয়ামতপুর ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এসবের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।নওগাঁ-নিয়ামতপুর ১৩২ কেভি সঞ্চালন লাইন নির্মাণ ও নিয়ামতপুর গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আকছেদ আলী জানান, উপকেন্দ্র ও সঞ্চালন লাইন চালুর ফলে নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের এনায়েতপুর, নাচোল, মান্নো মোড়, তানোর, কালীগঞ্জ, মান্দা, মহাদেবপুর, পোরশা, শিশা ও সাপাহার এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির আটটি উপকেন্দ্র এলাকায় বিদ্যুতের ভোল্টেজ সমস্যা দূর হবে। তিনি আরও জানান, এতদিন নওগাঁর ১৩২ কেভি সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে উল্লিখিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে সঞ্চালন ঘাটতির কারণে গ্রাহক প্রান্তে সর্বোচ্চ ১৮০ ভোল্টের বিদ্যুতের সরবরাহ পাওয়া যেত। ফলে সংশ্লিষ্ট এলাকায় গভীর নলকূপসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক মোটর চালাতে সমস্যা হতো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) নিজস্ব অর্থায়নে নিয়ামতপুর উপজেলা সদরের বিশ্ব হরিতলা এলাকায় পাঁচ একর জমিতে নিয়ামতপুর গ্রিড উপকেন্দ্র ও ১৩২ কেভি সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে ৭০ কোটি টাকা।