নিয়োগ আশ্বাসের বাস্তবায়ন চান বেকার নার্সরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে নিয়োগ আশ্বাসের বাস্তবায়ন চান বেকার নার্সরা। তাঁরা বলছেন, ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে বেকার নার্সদের নিয়োগের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কিন্তু এখন পর্যন্ত দাবি বাস্তবায়নের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না।

আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নার্সরা এ অভিযোগ করেন। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস) এর আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিবিজিএনএসের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার বলেন, ‘ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের ১ দফা দাবি আদায়ে আমাদের দুটি সংগঠন যৌথভাবে এক মাসেরও বেশি সময় কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে সর্বশেষ আমরা প্রেসক্লাব প্রাঙ্গণে অনশনরত ছিলাম। আমাদের অনশন চলাকালে ১ মে স্বাস্থ্যমন্ত্রী তাঁর বাসায় এক সভায় আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে মেনে নেন এবং দ্রুত সময়ের মধ্যে সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) নার্স নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করে আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।’

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এখন পর্যন্ত বিপিএসসির নিয়োগ-প্রক্রিয়া অব্যাহত আছে। ৯ মে বিপিএসসি নার্স নিয়োগের জন্য পরীক্ষার তারিখ (৩ জুন) উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও তাঁরা ব্যর্থ হয়েছেন।

সংবাদ সম্মেলনে ১৭ মে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে মন্ত্রীর বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানসহ বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়।

বিডিবিএনএ-এর ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসাইন, বিবিজিএনএসের সভাপতি রাজীব কুমার বিশ্বাস প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।