নিয়োগ বদলি পদোন্নতিতে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক, টিআইবি
ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক, টিআইবি

স্বাস্থ্য খাতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে ১০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা এবং সরকারদলীয় নেতারা এই ঘুষ নেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গতকাল বৃহস্পতিবার ‘স্বাস্থ্য খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবি সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের নানা অনিয়মের অভিযোগ তোলে। প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের সঙ্গে রোগনির্ণয়কেন্দ্র ও দালালদের কমিশনের সম্পর্ক আছে। বেসরকারি খাতে চিকিৎসাসেবা নিয়ে যে অভিযোগ উঠছে সেটিও সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক মান অনুযায়ী জিডিপির পাঁচ শতাংশ ব্যয় হওয়ার কথা। বাংলাদেশে ব্যয় হচ্ছে দশমিক ৮৪ শতাংশ। বরাদ্দ দিন দিন কমছে। এটি লজ্জার বিষয়।
গবেষণায় যা পাওয়া গেল: গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে অ্যাডহক চিকিৎসক নিয়োগে তিন থেকে পাঁচ লাখ টাকা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ আছে। ঢাকা ও ঢাকার আশপাশের জেলায় পদায়নের ক্ষেত্রে লেনদেন হয় পাঁচ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। এমনকি চতুর্থ শ্রেণির কর্মচারীরা সুবিধাজনক জায়গায় দীর্ঘদিন থাকার জন্য আড়াই লাখ বা তার চেয়েও বেশি টাকা ঘুষ দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পদোন্নতির ক্ষেত্রে অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতাকে বিবেচনা করা হয় না। এ ছাড়া প্রকাশনাকে যথাযথভাবে মূল্যায়ন, সিনিয়র স্কেল পরীক্ষায় পাস বা বার্ষিক গোপন প্রতিবেদন সন্তোষজনক কি না তা-ও সব ক্ষেত্রে বিবেচনা করা হয় না।
এক প্রশ্নের জবাবে টিআইবির গবেষক তাসলিমা আক্তার বলেন, চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করে তিনি তথ্য সংগ্রহ করেন। এ ছাড়া ২০১২ সালের টিআইবির জাতীয় খানা জরিপের তথ্য তিনি প্রতিবেদনে ব্যবহার করেছেন।
তাসলিমা বলেন, স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাহিদা না থাকা সত্ত্বেও যন্ত্রপাতি কেনা হয়, যন্ত্রপাতি মেরামতে অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় ঔষধাগার ও মেরামতকারী সরকারি প্রতিষ্ঠান দুর্নীতির আশ্রয় নেয়। এ ছাড়া পথ্য সরবরাহে ক্ষমতাসীন দলের রাজনৈতিক প্রভাব দেখা যায়। ঠিকাদার বাছাইয়েও অনিয়ম হয়।