নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন নিয়ে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী স্টেশনমাস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন নিয়ে বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের নেতারা মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার ঢাকার রেল ভবনে এই বৈঠক হয়।
সহকারী স্টেশনমাস্টারের পদ এক ধাপ নিচে নামিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রতিবাদে সারা দেশে রেল চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেয় বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়ন। এই হুমকির পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে রেলের মহাপরিচালক (ডিজি) মো. আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোখলেছুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এন ভট্টাচার্য, কার্যকরী সভাপতি মোহাম্মদ হোসেন মজুমদার প্রমুখ অংশ নেন।
রেলের অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘সহকারী স্টেশনমাস্টারের পদটি ১৫ থেকে ১৬তম গ্রেডে নামানো হয়। এতে সংগঠনের নেতারা আপত্তি জানিয়েছেন। আমাদের মহাপরিচালক মহোদয় নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনের ব্যাপারে উদ্যোগ নেবেন বলে সংগঠনের নেতাদের জানিয়েছেন।’
বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোখলেছুর রহমান বলেন, ‘১৫ থেকে ১৬তম গ্রেডে নামিয়ে আনা আমাদের জন্য অপমানজনক।’