নওগাঁ ও জয়পুরহাটে ‘অঙ্গীভূত আনসার সদস্য’ নিয়োগের প্রক্রিয়া স্থগিত করায় বিপাকে পড়েছেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এবং ভুক্তভোগী প্রার্থী সূত্র জানায়, গত ২৯ জুলাই নওগাঁ ও জয়পুরহাট জেলার মোট ১০০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে অঙ্গীভূত আনসার সদস্য নির্বাচন করা হয়। এর মধ্যে নওগাঁর ৭৮ জন এবং জয়পুরহাটের ২২ জন রয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত সদস্যদের পোশাক বরাদ্দ করে দুই দিন প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু গত রোববার বিকেলে তাঁদের নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করা হয়। ওই দিন সন্ধ্যার মধ্যেই প্রশিক্ষণরত ব্যক্তিদের সবাইকে ব্যারাক ত্যাগ করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে নির্বাচিত নওগাঁর মোজাহিদ হোসেন, সোহেল রানা ও আবদুল বারী রোববার সন্ধ্যায় ব্যারাক ত্যাগ করার সময় বলেন, তাঁরা অনেকেই অন্য চাকরি ছেড়ে এখানে যোগ দিয়েছেন। এখন হঠাৎ নিয়োগ-প্রক্রিয়া স্থগিত হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। আদৌ এই চাকরি হবে কি না, তা নিয়ে তাঁরা সংশয়ে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই চাকরির আশায় নিয়োগকর্তাদের বেশ কিছু টাকা দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে এই নিয়োগ বন্ধ হয়ে যাওয়ায় আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।’
অঙ্গীভূত আনসার সদস্য বাছাই-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করা হয়েছে কি না, জানতে চাইলে নওগাঁর জেলা কমান্ডার (আনসার ও ভিডিপি) দিল আফরোজ খন্দকার বলেন, ‘এ রকম কোনো অভিযোগ যদি কেউ করে থাকে, তবে সেটা ঠিক নয়। বাছাই-প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ছিল। আনসার ও ভিডিপির দুজন প্রতিনিধি ও রাজশাহীর রেঞ্জ পরিচালক নিজে উপস্থিত থেকে বাছাই-প্রক্রিয়া পরিচালনা করেছেন। এতে কোনো অনিয়ম হয়নি।’
এ ব্যাপারে নওগাঁ সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা আকরাম উদ্দীন বলেন, ‘সরকারের নির্দেশে এসব প্রার্থীকে নির্বাচন করা হয়। বাতিলও করা হয়েছে সরকারের নির্দেশে। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। শুধু নওগাঁয় নয়, দেশের আরও ছয়টি জেলায় এই নিয়োগ-প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’