নিয়োগ স্থগিত হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা গতকাল মঙ্গলবার হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুজনকে আটক করে। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
নিয়োগে অনিয়মের অভিযোগে গত সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২২৬ জন কর্মচারীর নিয়োগ স্থগিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে সাময়িকভাবে বরখাস্ত করা হয় হাসপাতালের পরিচালক নিজাম উদ্দিন ফারুক, উপপরিচালক মো. সহিদুল ইসলাম হাওলাদার ও প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল জলিলকে।
তিন কর্মকর্তাকে বরখাস্ত করা সংক্রান্ত ফ্যাক্স বার্তা গতকাল সকাল ১০টায় মন্ত্রণালয় থেকে হাসপাতালে পৌঁছায় বলে জানিয়েছেন পরিচালকের ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে পাওয়া ফ্যাক্স বার্তায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের প্রমাণ মিলেছে। তাই ২২৬ কর্মচারীর নিয়োগপত্রের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের কোনো ধরনের আর্থিক সুবিধা না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, নিয়োগ স্থগিত হওয়ার খবর পাওয়ার পর গতকাল সকালে নিয়োগ পাওয়া কর্মচারীরা হাসপাতালের প্রধান ফটক আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ফয়সাল ও কাওসার গাজি নামের দুজনকে আটক করলেও তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সদ্য বরখাস্ত হওয়া হাসপাতালের পরিচালক নিজামউদ্দিন ফারুক প্রথম আলোকে বলেন, নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেন হয়নি। যাঁরা প্রকৃত নিয়োগ পাওয়ার কথা, তাঁরাই পেয়েছেন। তদন্ত কমিটির সামনে সব তথ্য উপস্থাপন করা হয়েছে। তারপরও কেন তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, বুঝতে পারছেন না। এটা তাঁদের দুর্ভোগে ফেলার জন্য করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মূলত মন্ত্রীদের রোষানলে পড়েছেন পরিচালকসহ অন্যরা। মন্ত্রীদের চাহিদা অনুযায়ী লোক নিয়োগ না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া সহকারী পরিচালক গত সোমবার থেকে অবসরজনিত ছুটিতে (এলপিআর) গেছেন। তাঁকেও বরখাস্ত করা হয়েছে।
হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত ৩ ডিসেম্বর তদন্ত দল পাঠানো হয়। তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে তিন কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে স্থগিত করা হয় নিয়োগ।