নিয়োগপত্রের দাবিতে কার্যালয় ঘেরাও
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৪৩ জন প্রার্থী নিয়োগপত্রের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) প্রধান কার্যালয় ঘেরাও করেন। উচ্চ আদালতের নির্দেশে প্রায় চার মাস পরেও নিয়োগপত্র না দেওয়ায় তাঁরা এ কর্মসূচি পালন করেন।
গতকাল সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত নিয়োগপ্রার্থীরা বিজিএফসিএলের প্রধান কার্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল করে কার্যালয়টি ঘেরাও করে রাখেন। এ সময় তাঁরা প্রতিষ্ঠানটির ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারীকে ঢুকতে দেননি। এ কারণে প্রধান কার্যালয়সহ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রমও ১১টা পর্যন্ত বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র হেলাল উদ্দিন সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে তিনি বিজিএফসিএলের কার্যালয়ে ঢুকে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ঘণ্টা খানেক পর তিনি সেখান থেকে বের হয়ে প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, ২২ অক্টোবর প্রতিষ্ঠানটির বোর্ডের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তখন নিয়োগপ্রার্থীরা ঘেরাও কর্মসূচি তুলে নেন এবং মেয়রের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এ সময় তাঁরা ৩০ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না দিলে লাগাতার বিক্ষোভ করবেন বলে হুঁশিয়ারি দেন।
বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ উন্নয়ন) নসিবুজ্জামান তালুকদার বলেন, ২২ অক্টোবরের বোর্ডের সভায় বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে। এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
আন্দোলনকারীরা বলেন, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়ার পরও ১৪৩ জনকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। এর আগেও তাঁরা নিয়োগপত্রের দাবিতে ২০১২ সালের ৬ সেপ্টেম্বর ও ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি কোম্পানির প্রধান কার্যালয় ঘেরাও করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১১ সালের ৮ এপ্রিল বিজিএফসিএলে কম্পিউটার অপারেটর, গাড়িচালক, ইলেকট্রিশিয়ান ও অ্যাটেনডেন্ট পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ১৪৩ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এ অবস্থায় নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি তা তদন্ত করে। এতে অনিশ্চয়তায় পড়ে নিয়োগ কার্যক্রম। এর পর থেকেই ওই ১৪৩ জন প্রার্থী আন্দোলন করছেন। তাঁরা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পরেও নিয়োগ না দেওয়ায় তাঁরা গত বছর হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন।
আদালত চলতি বছরের ২৩ জুন নিয়োগ দেওয়ার জন্য কোম্পানি কর্তৃপক্ষকে ছয় মাস সময় বেঁধে দেন। কিন্তু ওই নির্দেশ দেওয়ার পর চার মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ আজও নিয়োগপত্র দেয়নি।